
আন্তর্জাতিক ডেস্কঃ রাষ্ট্রীয় সফরের সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্রিটিশ পার্লামেন্টে ভাষণ দেওয়া নিয়ে সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়ানোর কথা ভাবছে যুক্তরাজ্য সরকার। এ লক্ষ্যে পার্লামেন্ট অধিবেশন না চলার সময়টিকে ট্রাম্পের সফরের জন্য বেছে নেওয়া হতে পারে । রেওয়াজ অনুযায়ী যুক্তরাজ্যে রাষ্ট্রীয় সফরের সময় বিদেশি নেতারা দেশটির পার্লামেন্টে ভাষণ দিয়ে থাকেন। সম্প্রতি ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে যুক্তরাষ্ট্র সফর করে ডোনাল্ড ট্রাম্পকে চলতি বছরই তাঁর দেশে সফর করার আমন্ত্রণ জানান। এর পরই ট্রাম্পের রাষ্ট্রীয় সফর বাতিল করার দাবি জানান যুক্তরাজ্যের ১৮ লাখ ৫০ হাজার মানুষ। এ ছাড়া হাউস অব কমন্সের স্পিকার জন বার্কো গত সোমবার ট্রাম্পের ব্রিটিশ পার্লামেন্টে ভাষণ দেওয়ার বিষয়টির তীব্র বিরোধিতা করেন।
ব্রিটিশ সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে গার্ডিয়ান বলেছে, থেরেসা মের প্রশাসন এখন ট্রাম্পের ভাষণ দেওয়ার পর্বটি বাদ দেওয়ার কথা ভাবছে। আগস্ট মাসের শেষ অথবা সেপ্টেম্বরের শুরুতে বৃহস্পতি থেকে রোববার ট্রাম্পের সফরসূচি নির্ধারণ করা হতে পারে। রানি দ্বিতীয় এলিজাবেথের ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানানোর কথা।
তিনি সাধারণত সেপ্টেম্বর ও অক্টোবর মাসে স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে থাকেন। ওই এলাকায় ট্রাম্পের মালিকানাধীন দুটি গলফ কোর্স রয়েছে। এদিকে যুক্তরাজ্যের আরেক দৈনিক ডেইলি মেইল সরকারি সূত্রের বরাত দিয়ে বলেছে, পার্লামেন্টে ভাষণ দেওয়ার বিষয়ে ট্রাম্পের কোনো ‘আগ্রহ নেই’ এবং তিনি চাচ্ছেন সফরটি যাতে পিছিয়ে না যায়।