News71.com
 International
 12 Feb 17, 06:55 PM
 214           
 0
 12 Feb 17, 06:55 PM

জাপানের পাশে থাকার অঙ্গীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । ।     

জাপানের পাশে থাকার অঙ্গীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । ।       

 

আন্তর্জাতিক ডেস্কঃ উত্তর কোরিয়ার নতুন করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার জেরে সৃষ্ট নিরাপত্তা হুমকির মুখে জাপানের পাশে থাকার অঙ্গীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে উত্তরের এ পরীক্ষাকে ‘পুরোপুরি অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ট্রাম্পের মালিকানাধীন বিলাসবহুল মার-এ-লাগো গলফ রিসোর্টে অবস্থান করছেন দুনেতা। সেখানেই তারা উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়ে জানতে পারেন। এর পর এ যৌথ বিবৃতিতে এ বিষয়ে নিজেদের প্রতিক্রিয়া জানান ট্রাম্প-আবে।

প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেন, ‘সবার এটা জানা থাকা উচিত, যে কোনো পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ঐতিহাসিক মিত্র জাপানের পাশে আছে।’ জাপানের প্রধানমন্ত্রী আবে বলেন, ‘উত্তর কোরিয়ার সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা পুরোপুরি অগ্রহণযোগ্য। এটা সহ্য করা হবে না। এর মাধ্যমে দেশটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা ভঙ্গ করেছে।’

স্থানীয় সময় আজ রোববার সকালে কোরিয়া উপদ্বীপের পশ্চিমে উত্তর পোঙ্গান প্রদেশের বাঙ্গইয়ন বিমান ঘাঁটি থেকে এ পরীক্ষা চালায় কিম জং উন প্রশাসন। ক্ষেপণাস্ত্রটি জাপান সাগরের পূর্বে ৫০০ কিলোমিটার দূরে বিধ্বস্ত হয়। তবে এটি জাপানের জলসীমায় প্রবেশ করেনি বলে জানিয়েছেন দেশটির চিফ কেবিনেট সেক্রেটারি ইয়োসিহিদো সুগা। উত্তরের ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রেক্ষিতে দক্ষিণ কোরিয়া সরকার জাতীয় নিরাপত্তা বিষয়ক জরুরি সভা ডেকেছে। দেশটি এ পরীক্ষাকে ‘শক্তি প্রদর্শন’ বলে মনে করছে।

প্রসঙ্গত, গত বছর পার্শ্ববর্তী দেশ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের ক্রমাগত নিষেধাজ্ঞা সত্ত্বেও বেশ কয়েকটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক পরীক্ষা চালায় পিয়ংইয়ং। এমনকি উত্তর কোরিয়া পারমাণবিক বোমা বহনে সক্ষম বড় পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো কাছাকাছি রয়েছে বলে চলতি বছরের জানুয়ারিতে দেশটির নেতা কিম জং উন দাবি করেন।

কয়েক সপ্তাহ আগে দাবি করা হয়, যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম আন্তঃমহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করেছে দেশটি। এ পরীক্ষা যে কোনো সময় করা হতে পারে। তবে আজ রোববারের এ পরীক্ষা আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের কিনা, তা নিশ্চিত হওয়া যায়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা নেয়ার পরে উত্তর কোরিয়ার এটাই প্রথম ক্ষেপণাস্ত্র পরীক্ষা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন