
আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজ ভারত মহাসাগরকে ‘পরমাণুকরনের বিরুদ্ধে’ হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি দাবি করেছেন, ‘পরমাণুকরণ’ ভারত শুরু করেছে এবং ভারত মহাসাগরে শান্তির প্রতি হুমকির পাল্টা ব্যবস্থা নিতে যা করণীয় তার সবই করবে পাকিস্তান। পাকিস্তানের বন্দর নগরী করাচি এক সম্মেলনে এ সব কথা বলেন তিনি। এ ছাড়া, ভারত মহাসাগরের শান্তির প্রতি প্রধান সমস্যাগুলো তুলে ধরেন তিনি। এ সব সমস্যার মধ্যে সামরিকীকরণ, গণহত্যার অস্ত্র বিস্তার, ‘বিদেশি’ শক্তিগুলোর ক্ষেপণাস্ত্র সক্ষমতা বাড়ানো পাশাপাশি অবৈধ মৎস্য শিকার, মানব, মাদক এবং অস্ত্র পাচার, নৌচলাচল থেকে সৃষ্ট দূষণ এবং জলবায়ুর পরিবর্তন রয়েছে বলে উল্লেখ করেন তিনি। ভবিষ্যতে এ প্রবণতা আরো বাড়বে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। তিনি দাবি করেন, ভারত মহাসাগরকে পরমাণুকরণের মধ্য দিয়ে এ অঞ্চলকে আরো অস্থিতিশীল করে তোলা হবে।
এ অঞ্চলকে শান্তিপূর্ণ থাকার সঙ্গে পাকিস্তানের কায়েমি স্বার্থ জড়িত বলেও উল্লেখ করেন তিনি। তিনি বলেন, পাকিস্তানের বাণিজ্যের ৯৫ শতাংশই সাগরপথে হয়। এ ছাড়া, পাকিস্তানের রয়েছে এক হাজার কিলোমিটারের বেশি উপকূল এবং তিন লাখ বর্গ কিলোমিটার নিবিড় অর্থনৈতিক জোন, করাচি বন্দর এবং গভীর সমুদ্র বন্দর গোয়াদারও ।
তিনি দাবি করেন, ভারতীয় নৌবাহিনীর উল্লেখযোগ্য সম্প্রসারের ফলে পাকিস্তানে উদ্বেগ দেখা দিয়েছে। ভারত মহাসাগর দিয়ে শান্তিপূর্ণ এবং নিরাপত্তার সঙ্গে পাকিস্তানের কৌশলগত স্বার্থ রয়েছে বলেও জানান তিনি।