
আন্তর্জাতিক ডেস্কঃ মহাকাশ বাণিজ্যে বড়সড় লাফ দিচ্ছে ভারত। 'পিএসএলভি সি-৩৭' রকেটে চাপিয়ে একসঙ্গে ১০৪টি উপগ্রহ মহাকাশে পাঠাতে যাচ্ছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। আর এরমধ্যে ১০১টি উপগ্রহই বিদেশি সংস্থার। এ কাজে সফল হলে তা হবে বিশ্ব রেকর্ড। ৩ বছর আগে রাশিয়া ৩৭টি উপগ্রহ পাঠিয়েছিল এক রকেটে চাপিয়ে। এ পর্যন্ত সেটাই ছিল সর্বোচ্চ। আগামী বুধবার সকালেই রকেটে চাপিয়ে একসঙ্গে ১০৪টি কৃত্রিম উপগ্রহকে মহাকাশে পৌঁছে দেবে ইসরো ।
অরুণ জেটলির বাজেট বলছে, মঙ্গলে ফের যান পাঠাবে ইসরো। তাদের পরের নিশানা শুক্র গ্রহ। এ সবের পাশাপাশি উঠে আসছে আরও একটি প্রসঙ্গ। তা হল, মহাকাশ বাণিজ্যে ভারতের উত্থান! ইসরোর বাণিজ্যিক শাখা ‘অ্যানট্রিক্স’-এর হিসেব বলছে, ১৯৯৯ সাল থেকে বাণিজ্যিকভাবে উৎক্ষেপণ করছে তারা। সব মিলিয়ে এ পর্যন্ত ৭৪টি বিদেশি উপগ্রহকে মহাশূন্যে পাঠিয়েছে ভারত ।
এ বার ১৭ বছরের মোট হিসেবকেও টপকে যাবে ইসরো। বিদেশি মুদ্রা আয়েও তাই এ বার বড়সড় লাফ দিতে চলেছে ‘অ্যানট্রিক্স’। খরচ বাঁচাতে বাণিজ্যিক সংস্থাগুলি নিজেদের উপগ্রহ পাঠানোর জন্য মহাকাশ গবেষণা সংস্থাগুলির সঙ্গে চুক্তি করে। অনেকটা ‘পুল কার’-এর মতো। একটি রকেটের বহনক্ষমতা অনেক বেশি। তাই কখনও একাধিক সংস্থার উপগ্রহ একটি রকেটে পাঠানো হয়। এ বারেও যেমন ইসরোর বাহনের মূল যাত্রী ভারতের কার্টোস্যাট-২ সিরিজের একটি উপগ্রহ। বাকি ১০৩টি খুদে উপগ্রহ। তার ২টি ভারতীয় ।