News71.com
 International
 13 Feb 17, 09:01 PM
 223           
 0
 13 Feb 17, 09:01 PM

নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠায় আইএস’র রাজধানী রাক্কা দখলের অঙ্গীকার করলেন তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান

নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠায় আইএস’র রাজধানী রাক্কা দখলের অঙ্গীকার করলেন তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান

 

আন্তর্জাতিক ডেস্কঃ পাঁচ হাজার বর্গ কিলোমিটার “নিরাপদ অঞ্চল” প্রতিষ্ঠায় সিরিয়ার উত্তরে হানা দিয়েছে তুর্কি সামরিক বাহিনী। নিরঙ্কুশ এলাকা প্রতিষ্ঠা করাই বাহিনীর চূড়ান্ত লক্ষ্য বলে গতকাল রবিবার জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রেসেপ তায়েপ এরদোয়ান। তাছাড়া “নিরাপদ অঞ্চল” প্রতিষ্ঠায় আইএস’র ঘোষিত রাজধানী রাক্কার দিকে আক্রমণ করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। এদিকে তুর্কি সৈন্যদল ও তাদের মিত্র সিরীয় বিদ্রোহীরা আইএসআইএল’র ঘাঁটি আল বাব’র কেন্দ্রে ঢুকে পড়েছেন বলেও জানান এরদোয়ান। তিনি আরো জানিয়েছেন, এটা দখল করা ‘সময়ের ব্যাপার’ মাত্র। আল বাব প্রায় নিয়ন্ত্রণে চলে আসলে পরবর্তী পদক্ষেপ হবে মানবিজ ও রাক্কা দখলে আনা। সম্প্রতি বাহরাইন, সৌদি আরব ও কাতারে সরকারি সফরে গিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট।

সেখান থেকে ফিরে আসার আগেই সাংবাদিকদের এসব কথা বলেছেন তিনি। তিনি বলেন, আমরা মার্কিন প্রশাসন ও গোয়েন্দা সংস্থা সিআইএ’র সঙ্গে আমাদের চিন্তা-ভাবনাগুলো নিয়ে আলোচনা করেছি এবং আমাদের অবস্থান অনুযায়ী পরিস্থিতি উন্নতির দিকে দৃষ্টি রাখব। আমাদের শেষ পর্যন্ত লক্ষ্য হচ্ছে ৪ হাজার থেকে ৫ হাজার বর্গ কিলোমিটার পর্যন্ত এলাকা থেকে সন্ত্রাসীদের উচ্ছেদ করা এবং একটি নিরাপদ অঞ্চল গঠন করা।

২০১৩ সালের মার্চে ইসলামিক স্টেট অব ইরাক এন্ড দ্য লেভান্ত (আইএসআইএল) সিরিয়ার উত্তরাঞ্চলীয় ভূমি রাক্কা দখল করে। এ জঙ্গি সংস্থা আইসিস নামেও পরিচিত। এরদোয়ান জানিয়েছেন, আইএসআইএল যোদ্ধারা এরমধ্যেই আল বাব এলাকা থেকে ছিটকে পড়ছে। তবে তুর্কি সৈন্যরা এখনো শহরের কেন্দ্রে যেতে পারেনি বলে জানিয়েছে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। যুক্তরাজ্যভিত্তিক এ পর্যবেক্ষক গ্রুপ জানিয়েছে, সম্প্রতি পশ্চিমাঞ্চল থেকে আল বাবের দিকে তুর্কি বাহিনী অগ্রসর হয়েছে এবং এখন পর্যন্ত শহরের ১০ শতাংশ ও পুরো পশ্চিম তাদের নিয়ন্ত্রণে এসে গেছে।

গত ২৪ আগস্ট থেকে সিরিয়ার ভেতরে ‘ইউফ্রেটিস শিল্ড’ নামে অভিযান শুরু করেছে তুর্কি বাহিনী। সীমান্ত এলাকা থেকে আইএসআইএল যোদ্ধাদের হটাতে এবং কুর্দি মিলিশিয়াদের অগ্রগতি বন্ধে তারা এ অভিযান আরম্ভ করেছে। এরদোয়ান বলেন, সিরিয়ায় খুব বেশিদিন থাকার কোন উদ্দেশ্য আমাদের নেই। এদিকে আল বাবে তুর্কি সেনাবাহিনী শক্ত প্রতিরোধের সম্মুখীন হয়েছে। তাদের সৈন্য হতাহতের সংখ্যা বাড়ছে। এদিন সংঘর্ষে এক তুর্কি সেনা নিহত ও অপর তিন সেনা আহত হয়েছে। তাদেরকে সীমান্তবর্তী হাসপাতালে নেওয়া হয়েছে। সামরিক সূত্রের বরাত দিয়ে একটি বেসরকারি বার্তা সংস্থা জানিয়েছে, এ পর্যন্ত সহিংসতায় ৬৭ সেনা নিহত হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন