
আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের লাহোরে পাঞ্জাব প্রাদেশিক পরিষদ ভবনের বাইরে গাড়িবোমা বিস্ফোরণে ট্রাফিক পুলিশের প্রধানসহ অন্তত ১৬ জন নিহত হয়েছেন। আজ সোমবার বিকেলে ওই এলাকায় একটি বিক্ষোভ সমাবেশের সময় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। খবরে বলা হয়, ভয়াবহ ওই বিস্ফোরণে লাহোর ট্রাফিক পুলিশের প্রধান ডিআইজি আহমেদ মুবিন নিহত হয়েছেন। লাহোরের সিসিপিও আমিন বেইন্স এ বিষয়টি নিশ্চিত করেন। আর উদ্ধারকারীদের সূত্রে জানা গেছে, জ্যেষ্ঠ পুলিশ সুপার জাহিদ গনদাল নিহত হয়েছে। সব মিলিয়ে নিহতের সংখ্যা অন্তত ১৬।
খবরে বলা হয়, পাঞ্জাব প্রাদেশিক পরিষদ ভবনের বাইরে মল রোডে এই বিস্ফোরণ ঘটে। সেখানে রসায়নবিদ ও ওষুধ তৈরির সঙ্গে জড়িতরা বিক্ষোভের আয়োজন করেছিলেন। বিক্ষোভ চলার সময়ে পাশেই একটি গাড়ি বিস্ফোরণ ঘটে। ওই বিক্ষোভ সমাবেশে যোগ দেওয়া মানুষের সংখ্যা বেশি ছিল বলে বিস্ফোরণে অনেকেই আহত হয়েছেন। তাদের স্থানীয় মায়ো হাসপাতাল ও গঙ্গা রাম হাসপাতালে নেওয়া হচ্ছে।
বিস্ফোরণের পর পর উদ্ধারকারী বিভিন্ন সংস্থার লোকজন, অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। নিরাপত্তা বাহিনীর সদস্যরা ওই এলাকা ঘিরে ফেলে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হচ্ছে। উদ্ধার তৎপরতা চলছে। খবরে বলা হয়, বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করার জন্য ট্রাফিক পুলিশের প্রধান আহমেদ মুবিন এগিয়ে যাওয়ার সময়ই ওই বিস্ফোরণ ঘটে। এতে তিনি নিহত হন। এদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত এই হামলার দায় কেউ স্বীকার করেনি।