
আন্তর্জাতিক ডেস্কঃ দেরি না করে এবার ‘চিফ অব ডিফেন্স স্টাফ’ নিয়োগের কাজ দ্রুত সেরে ফেলতে চাইছে নরেন্দ্র মোদী সরকার। সরকারি সূত্রের খবর, এ বিষয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নোট চলে গেছে কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির কাছে। ওই নোট নিয়ে প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকর ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে আলোচনা করবেন প্রধানমন্ত্রী। তারপরেই মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটিতে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে ।
‘চিফ অব ডিফেন্স স্টাফ’-এর পদ তৈরি হলে তিনিই হবেন সামরিক বাহিনী থেকে প্রধানমন্ত্রীর একমাত্র উপদেষ্টা। এখন সেনা, বিমান ও নৌবাহিনীর ৩ জন প্রধান রয়েছেন। তাঁদের মধ্যে মতভেদ হলে, কার মত অনুযায়ী কাজ হবে, তা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়। সরকার মনে করছে, ‘চিফ অব ডিফেন্স স্টাফ’-এর পদ তৈরি হলে ৩ বাহিনীর মধ্যে অদৃশ্য দেওয়াল ভাঙবে। প্রধানমন্ত্রী বা সরকারের জন্য নির্দিষ্ট একজন সামরিক উপদেষ্টা তৈরির পরিকল্পনা অবশ্য নতুন নয়। কার্গিল যুদ্ধের পরে কে সুব্রহ্মণ্যম কমিটি এ নিয়ে সুপারিশ করে। সুব্রহ্মণ্যম কমিটির রিপোর্ট খতিয়ে দেখে মন্ত্রিপরিষদের রিপোর্টেও এর পক্ষে আলোচনা করা হয় ।
নরেশ চন্দ্র কমিটি ২০১২ সালে সুপারিশ করে, ৩ প্রধানকে নিয়ে তৈরি ‘চিফ অব স্টাফ কমিটি’ এর স্থায়ী চেয়ারম্যান নিয়োগ করা হোক। কিন্তু সে ক্ষেত্রেও স্থায়ী চেয়ারম্যানের সঙ্গে বাকি দু’জনের মতভেদ হলে প্রতিরক্ষা মন্ত্রণালয়ই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে স্থির করা হয়েছিল। সামরিক বিশেষজ্ঞদের যুক্তি, একমাত্র ভারতেই সামরিক অভিযান নিয়ে শেষ কথা বলার ক্ষমতা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আমলাদের হাতে রয়েছে। আমলারা ৩ বাহিনীর মধ্যে বিবাদ উস্কে দিয়ে নিজেদের নিয়ন্ত্রণ বজায় রাখেন বলে বহুবার অভিযোগ উঠেছে ।