News71.com
 International
 14 Feb 17, 10:53 AM
 215           
 0
 14 Feb 17, 10:53 AM

অস্ট্রিয়ার নকল ‘হিটলার’ কে গ্রেপ্তার করেছে পুলিশ ।।

অস্ট্রিয়ার নকল ‘হিটলার’ কে গ্রেপ্তার করেছে পুলিশ ।।

আন্তর্জাতিক ডেস্কঃ নাৎসী একনায়কের মতো সেই গোঁফ, চুলের ছাঁট আর পোশাক পরা সেই হিটলারকে গ্রেপ্তার করেছে অস্ট্রিয়া পুলিশ। দু’দিন আগে এক ব্যক্তি এডলফ হিটলারের জন্মস্থানের আশপাশে ‘হিটলার’ সেজে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এমন খবরে তদন্ত শুরু করেছিল অস্ট্রীয় কর্তৃপক্ষ। গতকাল সোমবার রাতে হিটলারের জন্মস্থান ব্রাউনাউ অ্যাম ইন থেকে ২৫ বছর বয়সী ওই যুবককে গ্রেপ্তার করা হয়।

স্থানীয় একটি পত্রিকাকে উদ্ধৃত করে রয়টার্স জানায়, হিটলার যে বাড়িতে জন্মেছিলেন তার সামনে দাঁড়ানো অবস্থায় গত শনিবার তাকে দেখা গিয়েছিল। তাছাড়া স্থানীয় বইয়ের দোকানগুলোতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংক্রান্ত সাময়িকী নাড়াচাড়া করতেও তাকে কেউ কেউ দেখেছেন বলে স্থানীয় বাসিন্দাদের কেউ কেউ জানিয়েছেন। নিজেকে ‘হ্যারল্ড হিটলার’ পরিচয় দেওয়া ওই যুবকের চুল এবং গোঁফ হুবহু এডলফ হিটলারের মতো ছাঁটা। হিটলারের অনুকরণে ‘ট্রেডমার্ক’ পোশাকও ছিল তার গায়ে।

পুলিশের একজন মুখপাত্র বলেন, “এটা হাস্যরসাত্মক উৎসবের উপলক্ষ নয়। ওই যুবক নিজেও জানতো সে কী করছে। ”অস্ট্রিয়ার আইনানুযায়ী, হিটলার বা নাৎসিদের মহিমান্বিত করা একটি অপরাধ। ১৮৮৯ সালে ব্রাউনাউ অ্যাম ইনে হিটলারের জন্ম হয়েছিল, এলাকাটি তখন অস্ট্রো-হাঙ্গেরিয়ান সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। ১৯৩৮ সালে জার্মানি অস্ট্রিয়াকে নিজেদের দখলে নিয়ে নেয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন