
আন্তর্জাতিক ডেস্কঃ ইরানে নতুন করে আবিষ্কৃত এক ডজনের বেশি খনিতে ৩০ বিলিয়ন ব্যারেল তেল পাওয়া গেছে বলে দেশটির জাতীয় তেল কোম্পানী জানিয়েছে। সংস্থাটির প্রধান সাইয়্যেদ সালেহ হেন্দি জানিয়েছেন, এসব মজুদ তেলের মধ্যে ৪.৭ বিলিয়ন ব্যারেল তেল নিষ্কাশনযোগ্য। এছাড়া, ইরানে ১২৮ ট্রিলিয়ন কিউবিক ফুট গ্যাসের মজুদ আবিষ্কৃত হয়েছে বলেও জানান তিনি।
গত ৪ বছরে আবিষ্কৃত এসব খনি থেকে বোঝা যাচ্ছে, ইরানে আরো নতুন গ্যাস ক্ষেত্র পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এসব খনিতে কি পরিমাণ তেলের মজুদ রয়েছে সে ব্যাপারে নিশ্চিত হওয়া যাচ্ছে না বলে সাংবাদিকদের জানান ওই কর্মকর্তা। হেন্দি বলেন, ইয়াদাভারান এবং অজেদেগানের মতো বড় বড় খনির পেছনে আমাদের আর না ছুটলেও চলবে বরং আমাদেরকে ছোট ছোট খনি আবিষ্কারের দিকে মনোযোগ দিতে হবে।
ইরানে বর্তমানে তেলের মজুদ রয়েছে ১৫৭ বিলিয়ন ব্যারেল। ফলে তেল মজুদের ক্ষেত্রে বিশ্বে তৃতীয় অবস্থানে রয়েছে ইরান। অন্যদিকে, বিশ্বে সবচেয়ে বেশি গ্যাসের মজুদ রয়েছে ইরানে। এছাড়া, বিশ্বে অন্যান্য দেশের তুলনায় ইরানে হাইড্রোকার্বন মজুদের পরিমানও বেশি। ইরান প্রতিদিন ৪ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল উত্তোলন করে থাকে এবং এর মধ্যে প্রতিদিন ১.৫ মিলিয়ন ব্যারেল ইরানের অভ্যন্তরীন কাজে ব্যবহৃত হয়।