
নিউজ ডেস্কঃ ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী এমজে আকবর বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানাতে ভারত আগ্রহ নিয়ে অপেক্ষা করছে। গতকাল সোমবার ‘ইন্ডিয়ান জিওইকোনমিক ডায়ালগ’র সাইডলাইনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে বৈঠকে একথা বলেন তিনি। ২০১৭ সালকে বাংলাদেশ-ভারত সম্পর্কের ল্যান্ডমার্ক বছর উল্লেখ করে এমজে আকবর বলেন, ভারত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানাতে আগ্রহ নিয়ে অপেক্ষা করছে ।
তিনি বলেন, দুই প্রধানমন্ত্রীর দুরদর্শী নেতৃত্বে বিদ্যমান সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাওয়া সম্ভব। দুই প্রতিমন্ত্রী বিগত ৮ বছরে সৃষ্ট বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ-ভারতের সম্প্রীতির সম্পর্কে তৃপ্তি প্রকাশ করেন। তারা বলেন, সমুদ্র ও ভূমি সীমান্ত সমস্যার শান্তিপূর্ণ ও ঐতিহাসিক সমাধানে দুই দেশের সম্পর্ক আরো গভীর হয়েছে। বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার নোট বাতিলে বাংলাদেশর ক্ষতির কথা তুলে ধরেন। গত ৮ই নভেম্বরে ভারতের প্রধানমন্ত্রী কালো টাকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল করেন ।
যার ফলে বাংলাদেশ ব্যাংকে রক্ষিত বিপুল পরিমাণ ভারতীয় রূপি শুধুমাত্র কাগজের টুকরায় পরিণত হয়। এছাড়া বাংলাদেশ থেকে পাট আমদানিতে সৃষ্ট বাধা দূর করতেও আহ্বান জানান শাহরিয়ার। এমজে আকবর বলেন, ভালো মনোভাব ও বিদ্যমান সুসম্পর্কের মাধ্যমে বিদ্যমান ইস্যুগুলো সমাধান করে সম্পর্ক আরো গভীর করা সম্ভব। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত ইন্ডিয়ান জিওইকোনমিক ডায়ালগে অংশ নিতে মুম্বাইয়ে অবস্থান করছেন ।