
আন্তর্জাতিক ডেস্কঃ কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শরণার্থী নিষেধাজ্ঞার ব্যাপারে বক্তব্য দিবেন না। যুক্তরাষ্ট্র সফরে গিয়ে ট্রাম্পের সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে এ কথা বলেন ট্রুডো। প্রসঙ্গত, শরণার্থী গ্রহণের ব্যাপারে ট্রাম্প ও ট্রুডো একেবারে বিপরীত মেরুতে অবস্থান করছেন। ট্রাম্প যেখানে যুক্তরাষ্ট্রে শরণার্থী প্রবেশের বিরুদ্ধে, অপরদিকে ট্রুডো শরণার্থীদের জন্য কানাডার দরজা খুলে দিয়েছেন ।
গতকাল সোমবার হোয়াইট হাউসে প্রতিবেশী দুই দেশ যুক্তরাষ্ট্র ও কানাডার দুই নেতার নেতৃত্বে একটি দ্বিপাক্ষিক বৈঠক হয়। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন ট্রাম্প ও ট্রুডো। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রুডো বলেন, ‘আমি প্রেসিডেন্ট ট্রাম্পের অভিবাসী নীতি নিয়ে কথা বলতে যুক্তরাষ্ট্রে আসিনি। এটা যুক্তরাষ্ট্রের নিজস্ব বিষয়। এ ইস্যুতে বক্তব্য দেয়া কানাডার দায়িত্ব নয়।’ তিনি বলেন, ‘আমার দায়িত্ব কানাডিয়ানদের মনোভাব বিশ্বের বুকে তুলে ধরা এবং একটা ইতিবাচক চিন্তাধারা প্রতিষ্ঠায় কাজ করা ।’
ট্রাম্পের নির্বাহী আদেশে ৭টি মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা জারি ও শরণার্থী গ্রহণ বন্ধ করার পর ট্রুডো সেইসব মানুষের পাশে দাঁড়ানোর ঘোষণা দেন। তিনি বলেছেন, যারা যুক্তরাষ্ট্রে জায়গা পাবেন না, কানাডা তাদেরকে আশ্রয় দেবে। উল্লেখ্য, জার্মানির পরে কানাডাই সাম্প্রতিক সময়ে সবচেয়ে বেশি সংখ্যক শরণার্থী গ্রহণ করেছে। শরণার্থীদের প্রতি সহানুভূতিশীল হিসেবে ট্রুডোর বিশেষ সুখ্যাতি রয়েছে। তাই অনেকে ধারণা করেছিলেন, ওয়াশিংটন সফরকালে তিনি ট্রাম্পের অভিবাসন নীতির বিষয়ে সমালোচনা করবেন। কিন্তু বাস্তবে কূটনৈতিক রীতি মেনে তিনি এই বিতর্ক এড়িয়ে যান ।
সংবাদ সম্মেলনে ট্রুডো আরো বলেন, ‘যুক্তরাষ্ট্র ও কানাডা সবসময়ই ঘনিষ্ঠ মিত্র হিসেবে বিভিন্ন যুদ্ধক্ষেত্রে পরস্পরের পাশে থেকেছে। কখনো কখনো আমাদের মধ্যে বিভিন্ন ইস্যুতে দ্বিমত দেখা দিয়েছে। কিন্তু সবসময়ই পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল থেকেছি, একসঙ্গে কাজ করেছি। ভবিষ্যতেও এ রীতি অটুট থাকবে।’ সংবাদ সম্মেলনে অভিবাসী ও নিরাপত্তা ইস্যু ছাড়াও পারস্পরিক অর্থনৈতিক লক্ষ্য ও সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন দুই নেতা ।