
আন্তর্জাতিক ডেস্কঃ কেবল ক্রিকেট ইতিহাসে নয়; ভারতের অন্ধ্রপ্রদেশের পুত্তামরাজু কান্দ্রিগা গ্রামের বাসিন্দাদের কাছেও তিনি ঈশ্বর। পুত্তামরাজু কান্দ্রিগা গ্রামকে দত্তক নিয়ে সেখানকার বাসিন্দাদের জীবনে বিপুল পরিবর্তন এনেছেন মাস্টার ব্লাস্টার শচীন টেন্ডুলকার। আর এবার ক্রিকেট ঈশ্বরের আশীর্বাদ পড়তে চলেছে ভারতের মহারাষ্ট্রের ওসমানাবাদে ডোঞ্জা গ্রামের বাসিন্দাদের উপর। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আদর্শ গ্রাম প্রকল্পের আওতায় মহারাষ্ট্রের ওসমানাবাদে ডোঞ্জা গ্রামকে দত্তক নিয়েছেন রাজ্যসভার সাংসদ শচীন। ইতোমধ্যেই ডোঞ্জার উন্নয়নে সাংসদ তহবিল থেকে ৪ কোটি রুপি অনুমোদনও করেছেন তিনি। ওই অর্থে ডোঞ্জায় একটি নতুন স্কুল গড়া হবে। পাশাপাশি, তৈরি হবে পানীয় জল প্রকল্প, কংক্রিটের রাস্তা ও নতুন নিকাশি ব্যবস্থাও।
ইতোমধ্যেই গ্রাম পর্যায়ে পাঁচটি বৈঠকও হয়েছে। বৈঠকে গ্রামের নারীরাও ছিলেন। আপাতত প্রাথমিক পর্যায়ে সমস্ত উদ্যোগ নেওয়া হয়ে গেলেও আসন্ন জেলা পরিষদ ভোটের পরই কাজগুলোর জন্য টেন্ডার ডাকা হবে। ভারতীয় সংবাদ মাধ্যম খবরে প্রকাশ, প্রত্যেক বছরই গরমের সময় খরার কবলে পড়ে মহারাষ্ট্রের ওসমানাবাদের ডোঞ্জা গ্রাম। সে কথা মাথায় রেখেই জল প্রকল্পের কাজ আগে শুরু করতে বলা হয়েছে। পাশাপাশি, জোর দেওয়া হয়েছে ৭০ বছরের পুরনো স্কুলটির নতুন ভবন নির্মাণের উপরও। পুরো বিষয়টি দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে ওসমানাবাদের জেলা-প্রশাসক ও কালেক্টরের উপর।