
আন্তর্জাতিক ডেস্কঃ তাইওয়ানের সংসদীয় প্রতিনিধি দল ভারত সফরে যাওয়ায় তীব্র প্রতিক্রিয়া দিল চীন। নয়াদিল্লিকে বেইজিং কঠোর শব্দে হুঁশিয়ারি দিল। চীন-ভারত সম্পর্ককে সুস্থ রাখতে হলে তাইওয়ান-সংক্রান্ত ইস্যুতে ভারত সতর্ক ভাবে পা ফেলুক, মন্তব্য চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গেং শুয়াং-এর। আজ বুধবারই তিনি এই মন্তব্য করেছেন। একই সঙ্গে চীনের শাসক কমিউনিস্ট পার্টির মুখপত্র গ্লোবাল টাইমসের সম্পাদকীয় প্রতিবেদনেও ভারতের প্রতি কড়া সতর্কবার্তা প্রকাশিত হয়েছে।
২’দিন আগেই ভারত সফর সেরে গিয়েছেন তাইওয়ানের সংসদীয় প্রতিনিধি দলের সদস্যরা। বরাবরই তাইওয়ান প্রশ্নে চীন অত্যন্ত স্পর্শকাতর। তাইওয়ানের স্বাধীন অস্তিত্বকে চীন স্বীকার করে না। ‘ওয়ান চায়না পলিসি’ বা ‘এক চীন নীতি’ অনুযায়ী তাইওয়ানকে চীনের অংশ বলেই দাবি করে বেইজিং। যেকোনো দিন ‘বিচ্ছিন্নতাবাদী’দের হঠিয়ে তাইপেই-এর কর্তৃত্ব বেইজিং নিজের হাতে নেবে, এমন কথাও চীন একাধিক বার বলেছে।
তাইওয়ানকে পৃথক রাষ্ট্র হিসেবে যে হেতু চীন স্বীকৃতি দেয় না, সে হেতু নিজেদের সঙ্গে যে সব রাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক রয়েছে, সে সব রাষ্ট্র তাইওয়ানের সঙ্গে সম্পর্ক রাখুক, এমনটাও চীন চায় না। এত দিন চীনের আপত্তিকে মান্যতা দিয়ে আমেরিকাও তাইওয়ানের সঙ্গে কোনো সংযোগ রাখত না। কিন্তু ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েই তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েনের সঙ্গে ফোনে কথা বলেছেন। চীন সেই কথোপকথনের তীব্র বিরোধিতা করেছে। তবে তাতে যে ট্রাম্প থামবেন না এবং ট্রাম্পের দেখানো পথ যে অন্য অনেক রাষ্ট্রই এ বার অনুসরণ করতে পারে, সে আশঙ্কাও সম্ভবত বেইজিং করেছিল। হলোও তাই। আমেরিকার পরে ভারতও তাইওয়ানের দিকে মিত্রতার হাত বাড়িয়ে দিল। স্বাভাবিকভাবেই তীব্র প্রতিক্রিয়া দিয়েছে বেইজিং।
আজ বুধবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গেং শুয়াং বলেছেন, ‘‘আমরা আশা করি চীনের মূল উদ্বেগের বিষয়গুলিকে ভারত বুঝবে ও সম্মান করবে এবং এক চীন নীতি মেনে নিয়ে তাইওয়ান সংক্রান্ত বিষয়ে বিবেচকের মতো পদক্ষেপ করবে, যাতে চীন-ভারত সম্পর্কের অগ্রগতি সুস্থ ও স্বাভাবিক থাকে।’’চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের দেয়া এই বিবৃতি অনেকটাই সৌজন্যের মোড়কে আবৃত। গেং শুয়াং যে হেতু কূটনৈতিক স্তরে ভারতকে বার্তা দিয়েছেন, তাই খুব কড়া ভাষা তিনি ব্যবহার করতে পারেননি।
কিন্তু কূটনৈতিক সৌজন্য রক্ষার দায় যাদের উপর নেই, সেই গ্লোবাল টাইমসের সম্পাদকীয় প্রতিবেদনে রীতি মতো হুঁশিয়ারির সুরই শোনা গেছে। সেখানে লেখা হয়েছে, ‘‘কিছু ভারতীয় স্ট্র্যাটেজিস্ট মোদি সরকারকে তাইওয়ান তাস খেলার পরামর্শ দিয়েছেন, ‘এক ভারত নীতি’র প্রতি চীনের স্বীকৃতি আদায় করতে ‘এক চীন নীতি’র প্রতি অঙ্গীকারকে ভারত ব্যবহার করতে চাইছে।’’ এতেই থামেনি চীনা সংবাদপত্রটি। সেখানে লেখা হয়েছে, ‘‘তাইওয়ান প্রশ্নে চীনকে চ্যালেঞ্জ করে ভারত আগুন নিয়ে খেলছে।’’ গ্লোবাল টাইমসে তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েনেরও কড়া সমালোচনা করা হয়েছে। ভারতকে সতর্ক করে সেখানে লেখা হয়েছে, চীন সম্পর্কে ভারতের মনে যে সংশয় রয়েছে, তাইওয়ানের প্রেসিডেন্ট তাকেই কাজে লাগিয়ে নিজের স্বার্থসিদ্ধি করতে চাইছেন। তাইওয়ানের প্রতিনিধি দলকে কেন হঠাৎ ভারত আমন্ত্রণ জানাল, সে প্রশ্নও তোলা হয়েছে গ্লোবাল টাইমসে।