News71.com
 International
 16 Feb 17, 01:14 PM
 284           
 0
 16 Feb 17, 01:14 PM

তামিলনাড়ু প্রয়াত মুখ্যমন্ত্রী জয়ললিতার ছায়াসঙ্গিনী দোর্দণ্ড প্রতাপ শশিকলাকে এখন বানাতে হবে মোমবাতি ।। মজুরি ৫০ টাকা 

তামিলনাড়ু প্রয়াত মুখ্যমন্ত্রী জয়ললিতার ছায়াসঙ্গিনী দোর্দণ্ড প্রতাপ শশিকলাকে এখন বানাতে হবে মোমবাতি ।। মজুরি ৫০ টাকা 

 

আন্তর্জাতিক ডেস্কঃ মুখ্যমন্ত্রী হওয়ার পথে তিনি অনেকটাই এগিয়ে গিয়েছিলেন। কিন্তু আদালতের রায়ে তাকে এখন জেলখানায় করতে হবে মোমবাতি তৈরির কাজ। গতকাল বুধবার বেঙ্গালুরুতে আত্মসমর্পণ করার পর থেকেই ভারতের তামিলনাড়ু রাজ্যের প্রয়াত মুখ্যমন্ত্রী জয়ললিতার ছায়াসঙ্গিনী শশিকলা এখন কয়েদি। পয়েস গার্ডেনের বেতাজ ‘বেগম’-এর বেঙ্গালুরু সেন্ট্রাল জেলের ছোট সেলে বিলাসিতা বলতে এখন একটি ফ্যান, একটি বালিস, কম্বল ও চাদর। সঙ্গে থাকছেন আরও দুই মহিলা কয়েদি। শশি প্রতিদিন দুটি খবরের কাগজ পাবেন ।

সিমেন্টের মেঝেতেই বিছানা করতে হবে। ৩টি শাড়ি ও ব্লাউজ বরাদ্দ করা হয়েছে শশিকলার জন্য। এআইএডিএমকে’র শীর্ষস্থানীয় এ নেত্রীকে হাজতে মোমবাতি তৈরির কাজ দেওয়া হয়েছে। এর জন্য তিনি প্রতিদিন ৫০ টাকা করে মজুরি পাবেন। কোনো ছুটির দিন নেই। শশিকলা প্রথম শ্রেণির সুবিধা দাবি করেছেন আদালতে। তবে আদালত জানিয়ে দিয়েছে, জেল কর্তৃপক্ষ মনে করলে তা দিতে পারে। গতকাল বুধবার রাতেই শশিকলার সঙ্গে দেখা করেন তার স্বামী নটরাজন। স্বামীকে দেখেই কান্নায় ভেঙে পড়েন শশি। হাজতে ঢোকানোর আগে তার মেডিক্যাল টেস্ট করা হয়েছে। ডাক্তার জানিয়েছে, অনেকটা পথ পাড়ি দেওয়ার জেরেই এটা হয়েছে। রাতে কিছু আয়ুর্বেদিক ওষুধ খান শশিকলা ।

অন্যদিকে, আপাতত তামিলনাড়ুর কার্যনির্বাহী মুখ্যমন্ত্রী হিসেবে আজ বৃহস্পতিবারই হয়তো শপথ নিতে চলেছেন এআইএডিএমকে পরিষদীয় দলনেতা এড়াপ্পাড়ি কে পালানিস্বামী। সূত্রের খবর, তার মুখ্যমন্ত্রিত্ব স্থায়ী হবে কিনা, তা নির্ভর করছে এই সপ্তাহের মধ্যে তার সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের উপর। তামিল রাজভবন সূত্রে জানা গিয়েছে, গতকাল বুধবার সন্ধ্যায় বর্তমান মুখ্যমন্ত্রী ও পন্নিরসেলভম ও পালানিস্বামীর সঙ্গে বৈঠক করেন রাজ্যপাল। তারপর বিধায়ক সংখ্যার নিরিখে পালানিস্বামীকেই কার্যনির্বাহী মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত করেন বিদ্যাসগর রাও। পালানিস্বামী রাজ্যপালের কাছে ১২৪ জন বিধায়কের তালিকা পেশ করেন। পন্নিরসেলভমের পক্ষে মাত্র ৮ জন বিধায়ক। এ ক্ষেত্রে রাজ্যপালের কাছে দ্বিতীয় অপশন ছিল না ।

রাজভবন থেকে বেরিয়ে প্রাক্তন মন্ত্রী তথা এআইএডিএমকে বিধায়ক ডি জয়াকুমার বলেন, ‘রাজ্যপাল খুব শীঘ্রই আমাদের সরকার গড়ার জন্য আমন্ত্রণ জানাবেন বলেই আমরা আশাবাদী।’ এআইএডিএমকে চলে যাওয়ার পরই রাজ্যপালের কাছে যান বর্তমান মুখ্যমন্ত্রী ও এআইএডিএমকে’র সাসপেন্ড হওয়া বিধায়ক পন্নিরসেলভম। সঙ্গে ছিলেন ৯ বিধায়ক। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে কুভাতুরের রিসর্টে বিধায়কদের আটকে রাখার বিষয়টিতে রাজ্যপালের হস্তক্ষেপ দাবি করেন তিনি। উল্লেখ্য, গত মঙ্গলবার তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত জয়ললিতার বেআইনি সম্পত্তি, দুর্নীতি মামলায় সহ অভিযুক্ত হিসাবে তাকে, তার দুই আত্মীয়কে দোষী সাব্যস্ত করে চার বছরের কারাবাসের সাজা দেয় সুপ্রিম কোর্ট ।

১০ কোটি টাকা জরিমানাও হয়েছে শশিকলার। সেই সাথে জেল খেটে বের হওয়ার পরও ৬ বছর শশিকলা কোনো ভোটেও প্রার্থী হতে পারবেন না। ফলে অন্তত ১০ বছর ভোট রাজনীতির ময়দান থেকে  নির্বাসিত থাকতে হবে তাকে। ফলে নিজেকে প্রয়াত আম্মার প্রকৃত উত্তরাধিকারী বলে দাবি করে তার রাজনৈতিক কেরিয়ার শুরুর স্বপ্ন চুরমার হয়ে গেছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন