
আন্তর্জাতিক ডেস্কঃ সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ বলেছেন, সিরীয়দের যুক্তরাষ্ট্রে প্রবেশে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞা সন্ত্রাসীদের বিরুদ্ধে, সাধারণ মানুষের বিরুদ্ধে নয়। গতকাল বৃহস্পতিবার সম্প্রচারিত এক সাক্ষাত্কারে তিনি এমনটাই দাবি করেন। আসাদ বলেন, ‘ট্রাম্পের এ আদেশ মূলত সন্ত্রাসীদের বিরুদ্ধে। যারা অভিবাসীদের মধ্যে অনুপ্রবেশের মাধ্যমে পশ্চিমা দেশগুলোতে ঢুকছে। তবে যুক্তরাষ্ট্র নয়, বরং জার্মানিসহ ইউরোপের দেশগুলো এ সমস্যার মুখে বেশি পড়েছে।’
এক সাক্ষাত্কারে আসাদ বলেন, ‘আমার মনে হয় ট্রাম্প সন্ত্রাসীদের যুক্তরাষ্ট্রে ঢুকতে বাধা দিতে চেয়েছেন, সিরিয়ার সাধারণ মানুষদের নয়।’ তবে ট্রাম্পের অভিবাসন নীতি সঠিক কিনা, সেই বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করা থেকে বিরত থাকেন আসাদ । যুদ্ধবিধ্বস্ত সিরিয়াসহ ৭টি মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা দিয়ে নির্বাহী আদেশ জারি করেছিলেন ট্রাম্প। একই সঙ্গে বন্ধ ঘোষণা করেন শরণার্থী গ্রহণ কার্যক্রমও। সন্ত্রাসী হামলা থেকে মার্কিনিদের নিরাপত্তা দিতেই তিনি এ উদ্যোগ নেন বলে হোয়াইট হাউস দাবি করে। নানা তর্ক-বিতর্ক, সমালোচনার পর এই ইস্যুটি আদালতেও গড়ায়। আদালত ট্রাম্পের এই আদেশ সাময়িকভাবে স্থগিত করে দেয়। সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠীদের সমর্থন দেয়ার জন্য পশ্চিমা দেশগুলোর সমালোচনা করে আসছেন আসাদ ।
এসব গোষ্ঠীকে সন্ত্রাসী হিসেবে বিবেচনা করে থাকেন তিনি। তিনি সাক্ষাত্কারে পশ্চিমাদের ওই নীতির সমালোচনা করে বলেন, এসব গোষ্ঠীকে পৃষ্ঠপোষকতা করলে, তা বিশ্বব্যাপী সন্ত্রাসবাদের বিকাশ ঘটাবে। প্রসঙ্গত, সিরিয়া ইস্যুতে ট্রাম্প এখনো নিজের অবস্থান পরিষ্কার করেননি। তবে তিনি বিদ্রোহীদের সহায়তার পরিমাণ কমানোর ইঙ্গিত দিয়েছেন। এমনকি এই ইস্যুতে সিরিয়ার ঘনিষ্ঠ মিত্র রাশিয়ার সঙ্গে একযোগে কাজ করার কথাও বলেছেন ।