
আন্তর্জাতিক ডেস্কঃ যুদ্ধ আর অস্ত্রের তাণ্ডবে মধ্যপ্রাচ্যের শিশুরা আজ নানাভাবে বিপন্ন। বিপন্ন শিশুদের হৃদ্রোগের ঝুঁকি বাড়ছে। সিরিয়ার শরণার্থীদের আর্ত চিৎকারে নড়ছে বিশ্ব বিবেক। লেবাননের হৃদ্রোগ আক্রান্ত শিশুদের অস্ত্রোপচার এবং সিরিয়ার শরণার্থীদের সাহায্যে এগিয়ে এসেছে নিউইয়র্কের ইসলামিক হেরিটেজ সোসাইটি। গতকাল বৃহস্পতিবার ম্যানহাটনের জাতিসংঘের কুয়েত স্থায়ী মিশন প্রাঙ্গণে লেবাননের রোগাক্রান্ত শিশু ও সিরিয়ার শরণার্থীদের সহায়তা দিতে আয়োজন করা হয় দিনব্যাপী হস্তশিল্প মেলার। ‘হৃদয়ই জীবনের উপহার, শিশু ও শরণার্থীদের সেই উপহারটুকুই দাও’ শিরোনামে আয়োজিত এ মেলার নাম দেওয়া হয় ইসলামিক হেরিটেজ সোসাইটি এন্যুয়েল বাজার।
মেলায় আরব বিশ্বের মুসলিম দেশগুলোর হাতের তৈরি পোশাকসহ ঐতিহ্যগত পণ্য সামগ্রী স্থান পায়। এর মধ্যে মিসরের হস্তশিল্প, লেবাননের জুয়েলারি, সুদানের হস্তশিল্প, মরক্কোর বস্ত্র শিল্প, ইরানের হস্তশিল্প, কুয়েতের সুগন্ধি, তিউনিসিয়ার হস্তশিল্পসহ জুয়েলারির স্টল ছিল উল্লেখ করার মতো। মেলায় ছিল বাংলাদেশি স্টলও। যেখানে দেশীয় হস্তশিল্প এবং পোশাক সামগ্রী প্রাধান্য পায়। ছিল মুসলিম দেশগুলোর ঐতিহ্য এবং জনপ্রিয় খাবারের স্টল।
দিনব্যাপী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে ইসলামিক হেরিটেজ সোসাইটির সভাপতি ও জাতিসংঘের তিউনিসিয়া স্থায়ী মিশনের স্থায়ী প্রতিনিধির স্ত্রী মারিয়াম খাইয়ারি বলেন, বিশ্বের যে কোনো দেশের দু:সংবাদ শুনলেই আমরা ব্যথিত হই। বর্তমান বাস্তবতায় লেবাননসহ বিভিন্ন দেশের শিশুরা হৃদ্রোগে আক্রান্ত হচ্ছে। অল্প বয়সের শিশুরা রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কুলে ঢলে । পড়ায় নষ্ট হচ্ছে ভবিষ্যৎ। এভাবে চলতে থাকলে প্রজন্ম হারিয়ে যাবে। তাই তাদের অস্ত্রোপচারসহ চিকিৎসা করতে অর্থ সাহায্য দিতে উদ্যোগ নেওয়া হয়েছে।
মারিয়াম খাইয়ারি বলেন, এরই অংশ হিসেবে আয়োজন করা হয়েছে দিনব্যাপী মেলার। যেখানে স্থান পেয়েছে আরব দেশগুলোর ঐতিহ্য এবং সংস্কৃতি। স্টলের পণ্য বিক্রি করে পাওয়া অর্থ জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) মাধ্যমে লেবাননের হৃদ্রোগে আক্রান্ত শিশুদের অস্ত্রোপচার এবং সিরিয়ার শরণার্থীদের সহায়তায় দেওয়া হবে। লেবাননের সাহায্য কমিটির চেয়ারম্যান লিনা শিহেইব বলেন, লেবাননের শিশুদের ঝুঁকির কথা বলতে গেলে খারাপ লাগে। তারা আমাদের ভবিষ্যৎ, তাদের বাঁচাতে হবে। তারা না বাঁচলে নষ্ট হবে লেবাননের সুন্দর ভবিষ্যৎ, নষ্ট হবে উন্নয়ন এবং উন্নতি।
ইয়েমেনের স্টলের দায়িত্বরত নাজিয়া বলেন, আমরা আজ এখানে ব্যবসা করতে আসিনি। দেশের ঐতিহ্য যেমন বিশ্ববাসীর কাছে জানান দিচ্ছি ঠিক তেমনিভাবে বিপন্ন মানুষগুলোর জন্য কিছু করতে চাই। পণ্য বিক্রি করে যা লাভ হবে তার পুরোটায় দিয়ে দেব সেই শিশুদের জন্য যারা অঙ্কুরে ঝরে যাচ্ছে। মেলায় নিজ হাতে খাবার বিক্রি করছেন জাতিসংঘে লেবাননের রাষ্ট্রদূতের স্ত্রী সাহার সালাম। তিনি বলেন, আজ আমি কূটনীতিকের স্ত্রী হিসেবে এখানে আসিনি। একজন মা হিসেবে এখানে এসেছি, সেই মায়েদের-যাদের কোল খালি হবে তাদের পাশে দাঁড়াতে। তার স্টলের লেবাননের ঐতিহ্যবাহী খাবারগুলোর বিক্রির অর্থ শিশুদের দিয়ে দেবেন বলে জানান।
মানবতার জয়গান গাইতে পিছিয়ে নেই বাংলাদেশিরাও। তাদের স্টলে শোভা পায় দেশের প্রত্যন্ত অঞ্চলের নারীদের হস্তশিল্পের। আড়ংসহ বিভিন্ন প্রতিষ্ঠিত ব্যান্ডের কাপড়ের পসরা ছিল স্টলে। স্টলের ব্যবস্থাপনার দায়িত্বে থাকা আলিয়া নাজমা বলেন, আরব বিশ্বের দেশগুলোর সঙ্গে বাংলাদেশও শিশুদের পাশে দাঁড়াতে স্টল দিয়েছে। আমরা বাংলাদেশকে মেলায় উপস্থাপনের পাশাপাশি লাভের অর্থ শিশুদের দিয়ে দিয়ে এবং আবারও প্রমাণ করব বাঙালি মানেই স্বভাবসুলভ সাহায্য পরায়ণ জাতি।
মেলায় পণ্য কিনতে আসা ইয়েমেনের নওমিয়া বলেন, মেলায় পণ্যের দাম যতই হোক না কেন আমি কিছু একটি কিনব। কারণ আমার দেওয়া অর্থের একটা অংশ সিরিয়ার শরণার্থীদের কাছে যাবে এটা শুনেই ভালো লাগছে। আমার কেনা পণ্যের অর্থ অঙ্কে বেশি না হলেও কাজটি যে মহৎ তা সবাই অনুধাবন করবে। মেলায় বাংলাদেশি খাবারের স্টলে গিয়ে দেখা যায় চিকেন সমুচা খাচ্ছেন জাতিসংঘের কর্মরত আবাইলিয়া। তিনি বলেন, এ খাবার সুস্বাদু, টেস্টি। এটা যারা রান্না করেছেন তারা নিশ্চয়ই যত্নবান। স্টলে কর্মরত সাইফুজ্জামান বলেন, খাবারের স্টলে সমুচা, পাকুড়াসহ ৮ পদের খাবার নিয়ে আসা হয়েছে।।ইসলামিক হেরিটেজ সোসাইটি জাতিসংঘে নিযুক্ত আরব দেশগুলোর স্থায়ী প্রতিনিধির স্ত্রীদের একটি সংগঠন।