News71.com
 International
 18 Feb 17, 11:36 AM
 267           
 0
 18 Feb 17, 11:36 AM

উত্তর কোরিয়াকে উস্কানিমূলক তৎপরতা থেকে বিরত রাখতে চীনের প্রতি আহ্বান জানাল মার্কিন যুক্তরাষ্ট্র  

উত্তর কোরিয়াকে উস্কানিমূলক তৎপরতা থেকে বিরত রাখতে চীনের প্রতি আহ্বান জানাল মার্কিন যুক্তরাষ্ট্র   

 

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন উত্তর কোরিয়াকে ‘উস্কানিমূলক তৎপরতা’ থেকে বিরত রাখতে চীনের প্রতি আহ্বান জানিয়েছেন। চলতি সপ্তাহের গোড়ার দিকে পিয়ংইয়ং তার সর্বশেষ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর পর এ আহ্বান জানাল ওয়াশিংটন। জার্মানির বন শহরে জি২০ দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনের অবকাশে এ অনুরোধ জানান টিলারসন। তিনি গতকাল শুক্রবার তার চীনা সমকক্ষ ওয়াং ই’র সঙ্গে প্রথমবারের মতো সাক্ষাৎ করে উত্তর কোরিয়ার লাগান টেনে ধরার অনুরোধ করেন।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মার্ক টোনার এ সম্পর্কে বলেছেন, “উত্তর কোরিয়ার পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি ক্রমবর্ধমান হুমকির কারণ হয়ে উঠছে বলে উল্লেখ করেন টিলারসন। তিনি উত্তর কোরিয়ার ‘অস্থিতিশীলতা সৃষ্টিকারী’ আচরণের লাগান টেনে ধরার জন্য চীনকে সম্ভাব্য সব পন্থা অবলম্বনের আহ্বান জানান।” মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এ মন্তব্য প্রকাশের পর চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর এক বক্তব্য প্রকাশ করেছে। এতে তিনি বলেছেন, বিশ্বের স্থিতিশীলতা রক্ষা ও উন্নয়নে চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ দায়িত্ব রয়েছে। ওয়াং ই আরো বলেন, এই দুই দেশের মধ্যকার মতপার্থক্যের তুলনায় তাদের যৌথ স্বার্থ রয়েছে অনেক অনেক গুণ বেশি।

বিবৃতিতে বলা হয়, দুই দেশের উচিত পারস্পরিক আস্থা বাড়ানো ও দ্বিপক্ষীয় সহযোগিতা শক্তিশালী করা। সেইসঙ্গে ট্রাম্পের শাসনামলে দু’টি দেশ বৈশ্বিক শান্তি ও উন্নতির ক্ষেত্রে আরো বেশি অবদান রাখতে পারবে বলে বেইজিং আশা করছে। উত্তর কোরিয়ার একমাত্র বিদেশি বন্ধু হিসেবে পরিচিত চীন। এ ছাড়া, পিয়ংইয়ংয়ের প্রধান বাণিজ্যিক অংশীদারও বেইজিং। কিন্তু চীনকে এখন পর্যন্ত উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও পরমাণু অস্ত্র পরীক্ষার বিরুদ্ধে কঠোর কোনো বক্তব্য দিতে শোনা যায়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন