
আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সংখ্যালঘু হিন্দুদের বিবাহ সংক্রান্ত বিলটি আইনে পরিণত হওয়ার পথে এক ধাপ এগোল। গতকাল পাক সেনেটে সর্বসম্মতিক্রমে পাশ হল হিন্দু বিবাহ বিল, ২০১৭। বিলটি পাক পার্লামেন্টের নিম্নকক্ষ বা ন্যাশনাল অ্যাসেম্বলিতে ২০১৫-র ২৬ সেপ্টেম্বর গৃহীত হয়েছে। এবার শুধু প্রেসিডেন্ট সই করলেই সেটি পরিণত হবে আইনে।
পাকিস্তানে এই প্রথম হিন্দুদের নিজস্ব কোনও আইন চালু হতে চলেছে। এতে হিন্দুদের বিবাহ সংক্রান্ত বিষয়গুলি নিয়ন্ত্রিত হবে। ডন নিউজ-এর খবর, বিলে ছেলে, মেয়ে উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ধরা হয়েছে। বিলে বিবাহ, তার নথিভুক্তিকরণ, বিচ্ছেদ ও পুনর্বিবাহ, সব বিষয়গুলি কভার করা হয়েছে। তাই পাকিস্তানে বসবাসকারী হিন্দুদের ব্যাপক স্বীকৃতি পাবে বিলটি। সবচেয়ে বড় কথা, বিলের ফলে হিন্দু মহিলারা বিয়ের নথি-প্রমাণ হাতে পাবেন। বিলটি প্রযোজ্য হবে পঞ্জাব, বালুচিস্তান ও খাইবার পাখতুনখাওয়া প্রদেশে। সিন্ধ প্রদেশে নিজস্ব হিন্দু বিবাহ আইন আগে থেকেই রয়েছে। বিলটি আইনমন্ত্রী জাহিদ হামিদ পেশ করলে কেউ বিরোধিতা করেননি।