
আন্তর্জাতিক ডেস্কঃ সোমালিয়ার রাজধানী মোগাদিসুর ভিড়ে ঠাসা এক বাজারে স্থানীয় সময় গতকাল রবিবার বিকেলে আত্মঘাতী বিস্ফোরণের একটি ঘটনা ঘটেছে। বোমা বিস্ফোরণের ঘটনায় ৩৪ জন নিহত হয়েছেন। আত অন্তত ৫০ জন আহত হয়েছেন। মোগাদিসুর দক্ষিণাঞ্চলে মাদিনা এলাকায় এ হামলার ঘটনা ঘটে। সোমালিয়ার পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। মাদিনার পুলিশ কর্মকর্তা আলি মোহাম্মদ হুসেইনির বরাত দিয়ে জানায়, বাজারের কেন্দ্রস্থলে একটি খাবারের দোকানের সামনে বিস্ফোরকবোঝাই একটি গাড়ির বিস্ফোরণ ঘটে।
আত্মঘাতী হামলাকারী ওই সময়ে গাড়ির ভেতরেই ছিল। তবেঁ এখন পর্যন্ত এই ঘটনার জন্য কেউ দায় স্বীকার করেনি। তবে দেশটির নিরাপত্তা বাহিনী প্রাথমিকভাবে এ হামলার ঘটনায় সোমালিয়ার জঙ্গি সংগঠন আল-শাবাবের ওপর সন্দেহের কথা জানিয়েছে। সম্প্রতি প্রেসিডেন্ট নির্বাচিত হয়েই ডোনাল্ড ট্রাম্প সাতটি মুসলিম দেশের নাগরিকদের ‘ঝুঁকিপূর্ণ’ আখ্যায়িত করে যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা দেন। আর এ দেশের তালিকায় প্রথমেই রয়েছে সোমালিয়ার নাম।