
আন্তর্জাতিক ডেস্কঃ ইরাকের সরকারি বাহিনী পুনরায় তথাকথিত ইসলামিক স্টেট (আইএস) গ্রুপের সর্বশেষ শক্তিশালী ঘাঁটি মসুলের পশ্চিমাঞ্চলের দিকে এগুতে শুরু করেছে। সরকারি বাহিনীর সাথে থাকা এক সাংবাদিক জানান, সেখানে অল্পক্ষণের মধ্যে গোলন্দাজ বাহিনীর গোলার শব্দ শোনা যেতে পারে। এ অঞ্চলে গতকাল রবিবার অভিযান শুরু করে সামরিক বাহিনী অনেক গ্রাম দখলে নিয়েছে। প্রচন্ড যুদ্ধের পর গত মাসে আইএসের হাত থেকে এ নগরীর পূর্বাঞ্চল মুক্ত করা হয়। গোলন্দাজ ও বিমানবাহিনীর সহযোগিতায় এ অভিযানে কয়েক হাজার সেনা মোতায়েন করা হয়েছে।
সংবাদদাতা জানান, অভিযান পথে আইএস জঙ্গিরা ব্যাপকভাবে বিস্ফোরক পেতে রাখায় সরকারি বাহিনীর অগ্রসর হওয়ার গতি কিছুটা বাধাগ্রস্ত হচ্ছে। এক্ষেত্রে বোমা নিস্ক্রিয়করণ দলকে কাজে লাগানো হচ্ছে। ওই সংবাদদাতা আরো জানান, অভিযানে ইরাকি বাহিনী রকেট ক্ষেপণাস্ত্র লাঞ্চারসহ বিভিন্ন ভারী অস্ত্র ব্যবহার করছে। বর্তমানে ইরাকের সামরিক বাহিনী মসুলের পুরো পশ্চিমাঞ্চল ঘিরে রেখেছে।