
আন্তর্জাতিক ডেস্কঃ সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির গোপন আঞ্চলিক শান্তি উদ্যোগের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুক্তরাষ্ট্রের সাবেক সরকারি কর্মকর্তারা গতকাল রবিবার এ ঘটনার কথা নিশ্চিত করেন। ওদিকে ইসরাইল-ফিলিস্তিন সমস্যা সমাধানে আরবের আঞ্চলিক ক্ষমতাধরদের জড়িত করার লক্ষ্যে বক্তব্য দিয়েছিলেন নেতানিয়াহু । কিন্তু এ ঘটনা প্রকাশিত হওয়ায় তার দেওয়া বিবৃতিকে পরস্পর বিরোধী বলে মনে হচ্ছে। গত বছর ফেব্রুয়ারিতে জর্ডানের দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর আকাবায় নেতানিয়াহু একটি গোপন বৈঠকে যোগ দেন। এ বৈঠকে জর্ডানের কিং দ্বিতীয় আব্দুল্লাহ এবং মিসরীয় প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল-সিসি উপস্থিত ছিলেন। ওবামা প্রশাসনের সাবেক দুই কর্মকর্তার তথ্য অনুযায়ী জানা যায়, ইসরাইলি প্রধানমন্ত্রীর দাবি অনুযায়ী একটি ইহুদি রাষ্ট্র হিসেবে ইসরাইলকে আঞ্চলিক স্বীকৃতি দেওয়ার প্রস্তাব করেন কেরি। কিন্তু এর পাশাপাশি আরব দেশগুলোর সমর্থন নিয়ে ফিলিস্তিনিদের সঙ্গে শান্তি আলোচনা পুনরায় আরম্ভ করার কথাও বলা হয় ।
কিন্তু এতে অধিকৃত ভূমি থেকে সরে আসার প্রস্তাবে বাধ সাধেন নেতানিয়াহু। তিনি জানিয়েছেন, তার দক্ষিণপন্থী জোট সরকার এমন প্রস্তাব মেনে নিতে রাজি নয়। তার সরকারের মধ্যপন্থী বিরোধী নেতা ইসাক হারজগ গতকাল রবিবার টুইট করে জানান, এ সুযোগের সুবিধা এবং সুযোগ পরিত্যাগ করার সুবিধা ইতিহাসই নির্ধারণ করবে ।