News71.com
 International
 20 Feb 17, 07:57 PM
 279           
 0
 20 Feb 17, 07:57 PM

রোহিঙ্গা নির্যাতন বন্ধে শান্তিতে নোবেল জয়ী সু চি’র সক্রিয় ভূমিকা রাখা উচিত ছিল ।। নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী বোরজ বেন্দে

রোহিঙ্গা নির্যাতন বন্ধে শান্তিতে নোবেল জয়ী সু চি’র সক্রিয় ভূমিকা রাখা উচিত ছিল ।। নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী বোরজ বেন্দে

 

আন্তর্জাতিক ডেস্কঃ রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর মিয়ানমার নিরাপত্তা বাহিনীর নির্যাতন রুখতে শান্তিতে নোবেল জয়ী অং সান সু চি’র সক্রিয় ভূমিকা রাখা উচিত ছিল বলে মন্তব্য করেছেন নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী বোরজ বেন্দে। তিনি বলেন, ‘আমি আশা করি রোহিঙ্গারা যাতে রাখাইন রাজ্যে তাদের বসতঘরে ফিরে যেতে পারে, মিয়ানমার সরকার তার জন্য ইতিবাচক পরিবেশ সৃষ্টি করবে ।’ আজ সোমবার দুপুরে হোটেল সোনারগাঁওয়ে যুব সম্প্রদায়ের সাথে এক সংলাপে সু চি’র নোবেল পুরস্কার পাওয়া সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। পররাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমারের রাজনীতি অনেক জটিল। পার্লামেন্টের ২৫ শতাংশ আসন এখনো সামরিক বাহিনী নিয়ন্ত্রণ করে। মিয়ানমারে পুরোপুরি গণতন্ত্র আসেনি। অং সান সুচির ক্ষমতার সীমাবদ্ধতা আছে। বোরজ বেন্দে বলেন, নোবেল পুরস্কার একটি স্বাধীন ও নিরপেক্ষ কমিটির মাধ্যমে দেয়া হয়। এখানে নরওয়ে সরকারের কোনো ভূমিকা নেই। অং সান সু চি যখন নোবেল পেয়েছিলেন, তখন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নয়, একজন নাগরিক বা ব্যক্তি হিসেবে আমি খুশি হয়েছিলাম।

তিনি বলেন, সীমান্ত অতিক্রম করে আসা রোহিঙ্গাদের গ্রহণ করেছে বাংলাদেশ সরকার। অক্টোবর থেকে মিয়ানমার নিরাপত্তা বাহিনীর হামলায় শতাধিক রোহিঙ্গা নিহত হয়েছে। এছাড়া হাজার হাজার রোহিঙ্গা গৃহহারা হয়েছে। নির্যাতন থেকে বাঁচতে ৭০ হাজার রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পালিয়ে এসেছে। এখন এসব উদ্বাস্তুদের প্রতি ভালো আচরণ করা দরকার। রাখাইন প্রদেশে রোহিঙ্গাদের সাথে অগ্রহণযোগ্য আচরণের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে মিয়ানমারেরর ওপর চাপ সৃষ্টির আহ্বান জানান নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী । মধ্য আয়ের দেশে পরিণত হওয়ার লক্ষ্য অর্জনে বাংলাদেশকে সব ক্ষেত্রে দুর্নীতি দমনে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে বলেও মন্তব্য করেন তিনি। সকালে বোরজ বেন্দে ঢাকা এসে পৌঁছালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপক্ষীয় ও কনস্যুলার) কামরুল আহসান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে তাকে স্বাগত জানান। কর্মসূচি অনুযায়ী একুশের প্রথম প্রহরে তিনি শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করবেন। এছাড়া প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাত ও পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সাথে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। সংক্ষিপ্ত সফর শেষে তিনি আগামীকাল মঙ্গলবার ঢাকা ছেড়ে যাবেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন