
আন্তর্জাতিক ডেস্কঃ কুমার মারওয়াদ। ১৭ বছর বয়স। প্রায় এক মাস আগে তাকে পাগলা কুকুর কামড়ায়। গত সপ্তাহ থেকেই বেশ জ্বর উঠে তার। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে লাইফ সাপোর্টে রাখা হয় তাকে। তারপরও শেষ রক্ষা হয়নি। তার নড়াচড়া ও শ্বাস বন্ধ হয়ে যাওয়া দেখে আত্মীয়স্বজনরা ধরে নেন কুমার মারা গেছে। পরে চিতা সাজিয়ে আগুন দেওয়ার আগমুহূর্তে জেগে উঠে ওই ‘মৃত’ কিশোর। ভারতের কর্ণাটক রাজ্যের ধরওয়ার মানগুন্ডি গ্রামে এমন ঘটনা ঘটেছে।
খবরে বলা হয়, কুকুরের কামড়ে কুমারের অবস্থা আশঙ্কাজনক উল্লেখ করে তার চিকিৎসা অব্যাহত রাখার সিদ্ধান্ত থেকে পরিবারকে সরে আসতে বলেন চিকিৎসক। পরে সংক্রমণ কুমারের পুরো শরীরে ছড়িয়ে পড়ায় লাইফ সাপোর্ট ছাড়া তাকে বাঁচানো সম্ভব নয় বলে জানানো হয়। এরপর পরিবারের সদস্যরা তাকে বাড়িতে নিয়ে যায়। কুমারের বড় বোনের স্বামী শরণাপ্পা নাইকার জানান , তার নড়াচড়া ও শ্বাস বন্ধ হয়ে যাওয়া দেখে আত্মীয়স্বজনরা ধরে নেন কুমার মারা গেছে। গ্রাম থেকে দুই কিলোমিটার দূরে চিতা সাজিয়ে আগুন দেওয়ার আগুমুহুর্তে কুমার চোখ মেলে, হাত-পা নাড়াচাড়া ও শ্বাস নিতে থাকে। এরপর দ্রুত তাকে গোকুল রোডের একটি হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালের চিকিৎসক ডা. মহেশ নীলকান্তনাবর বলেন, কুমারের জন্য কৃত্রিম শ্বাসপ্রশ্বাসের ব্যবস্থা করা হয়েছে। কুমারের বাবা-মা নিনগাপ্পা ও মঞ্জুলা দিনমজুর। তারা বলেন, পরিবারকে সহায়তা করতে নবম শ্রেণিতে থাকা অবস্থায় কুমার স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে। সে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করত। তার বড় ভাই শারীরিক প্রতিবন্ধী। তার চিকিৎসার জন্য সহায়তা দরকার।