News71.com
 International
 21 Feb 17, 08:05 PM
 255           
 0
 21 Feb 17, 08:05 PM

ফিলিস্তিনিদের বাড়িঘর ভেঙ্গে রাস্তা নির্মান করবে ইসরাইল ।। গৃহহীন হওয়ার আশঙ্কায় দিন কাটাচ্ছেন অগনিত মানুষ

ফিলিস্তিনিদের বাড়িঘর ভেঙ্গে রাস্তা নির্মান করবে ইসরাইল ।। গৃহহীন হওয়ার আশঙ্কায় দিন কাটাচ্ছেন অগনিত মানুষ

 

আন্তর্জাতিক ডেস্কঃ অধিকৃত পূর্ব জেরুজালেমের জাবাল আল-মুকাবের এলাকায় গৃহহীন হওয়ার আশঙ্কায় মধ্যে দিন কাটাচ্ছেন অগনিত ফিলিস্তিনি পরিবার । ইসরাইলি কর্তৃপক্ষের ‘আমেরিকান রোড’ নামে রাস্তা নির্মাণের জন্য ফিলিস্তিনিদের বাড়ি-ঘর ভেঙ্গে ফেলা হবে বলে তাদের এই ভয় ও শঙ্কা। ইসরাইল এরই মধ্যে জাবাল আল-মুকাবের থেকে কয়েকশ ফিলিস্তিনিকে উচ্ছেদের ঘোষণা দিয়েছে। উচ্ছেদের মুখোমুখি মোহাম্মদ আল-সাওয়াহরা বলেন, ‘আমরা এক ভীতির মধ্যে দিন কাটাচ্ছি। আমরা যেন দুই ভিন্ন জগতে বাস করছি; ফিলিস্তিনিদের বসতি যেন তৃতীয় বিশ্ব, আর জাবাল আল-মুকাবেরের ইসরাইলি বসতি যেন প্রথম বিশ্ব ।’

জাবাল আল-মুকাবের এলাকার পাশ দিয়ে গেছে বিশাল হাইওয়ে রাস্তার একাংশ আল-তৌক। ৭০ মিটার চওড়া ও ১১ কিলোমিটার দীর্ঘ এই রাস্তা পূর্ব ও পশ্চিম জেরুজালেমকে যুক্ত করবে। ‘জাবাল আল-মুকাবের রক্ষা কমিটির’ আইনজীবী রায়েদ বশির জানিয়েছেন, ওই রাস্তা নির্মাণের জন্য ইসরায়েলি কর্তৃপক্ষ প্রায় ৫৭টি ফিলিস্তিনি বাড়ি গুড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছে। এসব বাড়িতে প্রায় ৫০০ ফিলিস্তিনি বসবাস করেন। তিনি বলেন, ‘৩২ মিটার চওড়া রাস্তার সঙ্গে আরও ৩২ মিটার চওড়া রেলের রাস্তার কথা শুনে আমরা পুরোপুরি হতবাক হয়েছি। ওই রাস্তার পাশে সব বাড়িঘর গুড়িয়ে দেওয়া হবে ।’

ফিলিস্তিনের পশ্চিম তীর ও জেরুজালেমে ইসরাইলি বসতি স্থাপন নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থান তার পূর্বসূরি বারাক ওবামার তুলনায় অনেকটাই পক্ষপাতমূলক। আর এই সুযোগকে কাজে লাগিয়ে ফিলিস্তিনি বাড়ি-ঘর গুড়িয়ে নিজেদের বসতি স্থাপনের ব্যাপারে আন্তর্জাতিক চাপ ও নিন্দাকে তোয়াক্কা করছে না ইসরাইল। ট্রাম্প প্রশাসনের হাতে ক্ষমতা যাওয়ার পর গত এক মাসে বেশ কয়েকটি নতুন বসতিতে নির্মাণের প্রস্তাব অনুমোদন দিয়েছে ইসরাইলি সরকার। রাস্তা নির্মাণের বিষয়েও শুরু হয়েছে নতুন তৎপরতা ।

১৯৬৭ সালে আরব-ইসরাইল যুদ্ধের পর পূর্ব জেরুজালেম দখল করে নেয় ইসরাইল। এরপর পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে শতাধিক বসতি স্থাপন করেছে ইসরায়েল। পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমে স্থাপিত প্রায় ১৪০টি বসতিতে ৬ লাখেরও বেশি ইসরাইলি বসবাস করেন। আন্তর্জাতিক আইনের আওতায় এসব বসতি স্থাপনকে অবৈধ বলে বিবেচনা করা হলেও ইসরাইল তা অগ্রাহ্য করছে। এছাড়া পূর্ব জেরুজালেমকে নিজেদের অবিভাজ্য রাজধানী বলে দাবি করে থাকে ইসরায়েল। কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায় ইসরাইলের এই দাবিকেও স্বীকৃতি দেয়নি ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন