News71.com
 International
 22 Feb 17, 12:02 AM
 301           
 0
 22 Feb 17, 12:02 AM

জাপানের এক চিড়িয়াখানায় ইনজেকশন দিয়ে ৫৭টি বানরকে হত্যা।।

জাপানের এক চিড়িয়াখানায় ইনজেকশন দিয়ে ৫৭টি বানরকে হত্যা।।

আন্তর্জাতিক ডেস্কঃ জাপানের উত্তরাঞ্চলের একটি চিড়িয়াখানার ৫৭টি বানরকে মরণঘাতী ইনজেকশন দিয়ে হত্যা করা হয়েছে। ওই বানরগুলোর শরীরে ‘বিদেশি প্রজাতির জিন’ বহন করার বিষয়টি প্রকাশিত হওয়ার পর তাদের মেরে ফেলার সিদ্ধান্ত নেয় ওই চিড়িয়াখানা কর্তৃপক্ষ। চিবার টাকাগোয়ামা ন্যাচার জু নামের ওই চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, ডিএনএ পরীক্ষায় দেখা গেছে, ওই বানরগুলো বিদেশি ম্যাকক বানরের সংকর। জাপানি আইন অনুযায়ী, সেখানে বিদেশি ম্যাকক নিষিদ্ধ। স্থানীয় এক কর্মকর্তা বলেছেন, স্থানীয় পরিবেশ রক্ষায় তাদের হত্যা করতে হয়েছে। চিড়িয়াখানার পক্ষ থেকে বানরগুলোর আত্মার শান্তি কামনায় একটি বৌদ্ধ মন্দিরে প্রার্থনা সভা করা হয়।

জাপানি ম্যাকক ‘তুষার বানর’ বলে পরিচিত। জাপানের স্থানীয় এই বানর পর্যটকদের প্রধান আকর্ষণের বিষয়। জাপানে সংকরসহ আক্রমণাত্মক প্রজাতি রাখা ও পরিবহন নিষিদ্ধ। দেশটির পরিবেশ মন্ত্রণালয়ের অধীন বিদেশি প্রজাতি ব্যবস্থাপনা কার্যালয়ের এক কর্মকর্তা স্থানীয় গণমাধ্যমকে বলেন, ওই বানরগুলোকে আলাদা করে মেরে ফেলা ছাড়া আর কোনো পথ ছিল না। কেননা পালিয়ে গিয়ে বনের ভেতর তাদের বংশবিস্তারের আশঙ্কা ছিল। সংরক্ষণ সংস্থা ডব্লিউডব্লিউএফ জাপানের মুখপাত্র জুনকিচি মিমা বার্তা সংস্থাকে বলেন, আক্রমণাত্মক প্রজাতি সমস্যার সৃষ্টি করে। কেননা স্থানীয় প্রাণীদের সঙ্গে মেলামেশার কারণে সংকর তৈরি হয় এবং এটা প্রাকৃতিক পরিবেশের জন্য হুমকি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন