
আন্তর্জাতিক ডেস্কঃ পাক সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়া অভিযোগ করে বলেছেন, 'পাকিস্তানের বিরুদ্ধে জঙ্গিগোষ্ঠীদের ক্রমাগত মদত দিচ্ছে ভারত। পাকিস্তানের বিরুদ্ধে ভারতের চক্রান্তের কথা আমরা সবাই ভালই জানি। ' নিয়ন্ত্রণ রেখার পাশে মুন্নাওয়ার সেক্টরে এসে গতকাল মঙ্গলবার এ অভিযোগ করেন তিনি। নিয়ন্ত্রণ রেখায় ভারত বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করছে দাবি করে পাক সেনাপ্রধান এক বিবৃতিতে বলেন, ‘নির্দোষ’ কাশ্মিরীদের উপর ভারতীয় সেনার অত্যাচার থেকে নজর ঘুরিয়ে দিতে ও সন্ত্রাসবাদীদের সাহায্য করতেই ভারত এই চক্রান্ত করছে।'
অশান্ত বালোচিস্তান প্রদেশ থেকে কুলভূষণ যাদব নামে এক ভারতীয়র গ্রেফতারের উদাহরণ দিয়ে তিনি বলেন, বালোচিস্তানে সন্ত্রাসবাদীদের মদত দিচ্ছে ভারত। এদিকে, কিছুদিন আগেই রাজনীতি থেকে সেনাকে দূরে রাখার কথা বলতে গিয়ে ভারতের উদাহরণ দিয়েছিলেন পাক সেনাপ্রধান। তবে ভারতের বিরুদ্ধে বিষ উগরে তিনি রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টাই করছেন বলে ভারতীয় বিশেষজ্ঞরা মন্তব্য করেছেন।