
আন্তর্জাতিক ডেস্কঃ অধিকৃত ফিলিস্তিন ভূখণ্ডে ইহুদি বসতি নির্মাণের বিরোধিতা করে জাতিসংঘের প্রস্তাবের নিন্দা করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টার্নবুল। আজ বুধবার টার্নবুল ইসরাইলের নিশ্ছিদ্র নিরাপত্তার কথা বলেন। নেতানিয়াহু প্রথম ইসরাইলের প্রধানমন্ত্রী যিনি অস্ট্রেলিয়া সফর করছেন। টার্নবুল নেতানিয়াহুকে স্বাগত জানিয়ে দু’টি পৃথক স্বাধীন রাষ্ট্র সৃষ্টির মাধ্যমে ফিলিস্তিন সংকট সমাধানের কথা পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, অধিকৃত ফিলিস্তিন ভূখণ্ডে ইহুদী বসতি নির্মাণ করতে নিরাপত্তা পরিষদের প্রস্তাব সমর্থন করেনা অস্ট্রেলিয়া। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ক্ষমতা ছাড়ার আগ দিয়ে জাতিসংঘে এ প্রস্তাব পাস করে। সাধারণত এধরণের প্রস্তাবে ভেটো দেয় যুক্তরাষ্ট্র কিন্তু এবার ভেটো দেয়নি দেশটি।
নেতানিয়াহু বলেন, অস্ট্রেলিয়া একাধিকবার জাতিসংঘের এই ভণ্ডামির বিরোধিতা করেছে। নেতানিয়াহুর সাথে বৈঠকের পর টার্নবুল বলেন, জাতিসংঘের একচোখা কর্মকাণ্ডের বিরোধিতার জন্য অস্ট্রেলিয়ার মত দেশ আছে। পশ্চিম উপকূল, গাজা, ও পূর্ব জেরুজালেমের ১৯৬৭ সালে দখল করা ভূখণ্ডে বসতি নির্মাণের নীতি ইসরাইলের অনেক আগের। বেশিরভাগ দেশই ইসরাইলের এই ধরণের কর্মকাণ্ডকে অবৈধ বলে বিবেচনা করে। তবে ইসরাইল এই ভূখণ্ডের সাথে ইহুদিদের ঐতিহাসিক সম্পর্কের যুক্তি তুলে ধরে।
জাতিসংঘে যুক্তরাষ্ট্রের দূত বলেছেন যুক্তরাষ্ট্র এখনও দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের পক্ষে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি বলেছেন ফিলিস্তিন সংকট সমাধানের জন্য তিনি অন্যান্য উপায় নিয়ে ও চিন্তা ভাবনা করছেন। দুটি স্বাধীন রাষ্ট্র গঠনের মাধ্যমে সংকট সমাধানের ব্যাপারে দীর্ঘদিন ধরে জোর দিয়ে আসছে বিশ্বসম্প্রদায়। হঠাৎ ট্রাম্পের বিকল্প পথ নিয়ে চিন্তার কথা বিশ্ববাসীকে হতবাক করেছে। টার্নবুল বলেন, ইসরাইল ও ফিলিস্তিনের জনগণের প্রত্যক্ষ সমঝোতার পক্ষে অস্ট্রেলিয়া। নেতানিয়াহু বলেন, সংকট সমাধানের জন্য ফিলিস্তিনিদের অবশ্যই ইসরাইলকে স্বীকৃতি দিতে হবে। অস্ট্রেলিয়া সফরে নেতানিয়াহু কয়েকটি অর্থনৈতিক এবং প্রতিরক্ষা চুক্তি করবেন।