
আন্তর্জাতিক ডেস্কঃ একের পর এক ভয়াবহ আত্মঘাতী বোমা হামলায় ক্ষতবিক্ষত পাকিস্তানে জঙ্গি দমনে বিশেষ অভিযানে নেমেছে দেশটির সেনবাহিনী। এই অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন রাদ-আল-ফাসাদ’। গত বৃহস্পতিবার জানায়, গত বুধবার এই অভিযান শুরা করে দেশটির সেনারা। অপারেশন রাদ-আল-ফাসাদ’ অর্থ ‘বিশৃংখলা দমন’ বা ‘ফাসাদ দমন’ কিংবা এই জাতীয় কিছু। ইন্টার সার্ভিস পাবলিক রিলেশন্সের পক্ষ থেকে দেশটির সংবাদ মাধ্যমগুলোকে জানানো হয়েছে, দেশজুড়ে এ অভিযানে পক্ষপাতহীনভাবে সন্ত্রাসের লুকানো সব শিকড় উপড়ে ফেলা হবে।
এই অভিযানে পাকিস্তান পাকিস্তান এয়ারফোর্স, পাকিস্তান নেভি, সিভিল আর্মড ফোর্সেসসহ আইনপ্রয়োগকারী অন্যান্য সংস্থা সেনাবাহিনীকে প্রত্যক্ষভাবে সহায়তা করবে। চলতি সপ্তাহের শুরুতে পাকিস্তানের অর্থমন্ত্রী ইসহাক দার বলেছিলেন, আফগান সীমান্ত পেরিয়েও সন্ত্রাসীদের বিরুদ্ধে তৎপরতা চালাতে সেনাবাহিনীকে ক্ষমতা দেওয়া হয়েছে যদি তারা মজবুত প্রমাণ পায় যে পাকিস্তানে চালানো সাম্প্রতিক বোমা হামলাগুলোতে আফগান জঙ্গিদের হাত রয়েছে।
গত ১৬ ফেব্রুয়ারি দেশটির সেহওয়ান এলাকায় সুফি সাধক শাহবাজ কালন্দারের মাজারে এক আত্মঘাতী বোমা হামলায় ৮৮ জন নিহত ও ৩০০ জন আহত হয়। একইদিন বালুচিস্তানে সেনা কনভয়ে হামলা চালিয়ে জঙ্গিরা হত্যা করে ৩ সেনা সদস্যকে। ১৫ ফেব্রুয়ারি মোহমান্দ এলাকায় আত্মঘাতী হামলা চালিয়ে হত্যা করা হয় ৩ নিরাপত্তা কর্মী ও পাঁচ বেসামরিক নাগরিককে। ১৩ ফেব্রুয়ারি লাহোরের পার্লামেন্ট ভবনের সামনে আত্মঘাতী বোমা হামলায় নিহত হয় ১৩ জন আর আহত হয় ৮৫ জন। এসব ঘটনায় মধ্যপ্রাচ্যের জঙ্গি সংগঠন আইএস ছাড়াও পাকিস্তান ও আফগানিস্তানের জঙ্গিরা জড়িত বলে মনে করে দেশটির কর্তৃপক্ষ।