
আন্তর্জাতিক ডেস্কঃ এই প্রথম লন্ডন পুলিশের কমিশনার হিসেবে একজন নারীকে নিয়োগ দিলো ব্রিটিশ সরকার। লন্ডন পুলিশের ১৮৮ বছরের ইতিহাসে ৫৬ বছর বয়সী ক্রেসিডা ডিক-ই প্রথম নারী প্রধান। তিনি বার্নার্ড হোগান-হোর স্থলাভিষিক্ত হচ্ছেন। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নেওয়া ডিক ১৯৮৩ সালে স্কটল্যান্ড ইয়ার্ডে যোগ দেন কনস্টেবল পদে। ২০১৫ সালে পররাষ্ট্র বিভাগে যোগ দেওয়ার আগ পর্যন্ত তিনি লন্ডন ও অক্সফোর্ড পুলিশের বিভিন্ন পদে ছিলেন। নতুন দায়িত্বে তাকে লন্ডন পুলিশের প্রায় ৪৩ হাজার কর্মকর্তা-কর্মচারীকে সামলাতে হবে, যাদের জন্য বার্ষিক বরাদ্দ ৩শ কোটি পাউন্ডের বেশি। অবশ্য এই বরাদ্দ ‘অপর্যাপ্ত’ বলে মনে করেন অনেকে।
অবসরে যাওয়ার আগে শেষ বক্তৃতায় বিদায়ী পুলিশ কমিশনার হোগানও বলেছেন, বাজেটের চাপ সামলাতে সামনের দিনে কর্মী সংখ্যা ও অস্ত্র কেনার পরিমাণ কমাতে হবে; যা সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ে পুলিশকে পিছিয়ে দেবে। যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুক্তরাজ্য সফরের সময় বিক্ষোভকারীদেরও সামলাতে হবে নতুন পুলিশ কমিশনারকে। ট্রাম্পের সফর নিয়ে পুরো যুক্তরাজ্যেই উত্তেজনা চলছে বলে বার্তা সংস্থা এক প্রতিবেদনে জানানো হয়েছে। এর আগে ডিক লন্ডন পুলিশের ডেপুটি অ্যাসিসটেন্ট কমিশনার ছিলেন, যে পদের দায়িত্ব ছিল রাজপরিবার এবং বিশিষ্ট ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করা।
ডিক পরে ব্রিটিশ পুলিশের জ্যেষ্ঠ সন্ত্রাসবিরোধী কর্মকর্তা নিযুক্ত হন; ২০১২ সালে লন্ডনে অলিম্পিক গেমস চলার সময় তাকে জাতীয় নিরাপত্তা বিষয়ক পরিচালকও করা হয়। তবে ডিকের নেতৃত্বে পুলিশ নিরপরাধ লোককে হত্যা করেছে বলে অভিযোগ রয়েছে। সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করে পরিচিত পাওয়া ক্রেসিডা ডিক দায়িত্ব পাওয়ার পর বলেন, ‘আমি শিহরিত, সম্মানিত বোধ করছি। এটি একটি মহান দায়িত্ব, একটি অসাধারণ সুযোগ।’