
আন্তর্জাতিক ডেস্কঃ মাত্র ২৫১ রুপিতে স্মার্টফোন দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রযুক্তিবিশ্বে তোলপাড় তোলা ভারতের নয়ডাভিত্তিক প্রতিষ্ঠান রিংগিং বেলের পরিচালক মোহিত গোয়েলকে আটক করেছে ভারতের পুলিশ। গতকাল বৃহস্পতিবার প্রতারণার অভিযোগে গাজিয়াবাদ পুলিশ তাঁকে আটক করে বলে জানিয়েছে গাজিয়াবাদ ভিত্তিক আয়াম এন্টারপ্রাইজের করা এফআইআরের ভিত্তিতে মোহিতকে আটক করার কথা বলেছে পুলিশ। আয়ামের পক্ষ থেকে মোহিতের বিরুদ্ধে ১৬ লাখ রুপি প্রতারণার অভিযোগ করা হয়েছে।
গাজিয়াবাদের পুলিশ সূত্র বলেছে, সংশ্লিষ্ট বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য মোহিতকে আটক করা হয়েছে।এফআইআরে বলা হয়েছে, আয়াম এন্টারপ্রাইজকে গোয়েল ও রিংগিং বেলের কর্মকর্তারা ২০১৫ সালের নভেম্বরে ফ্রিডম ২৫১ ফোনের বিপণনের দায়িত্ব দেয়। বিভিন্ন সময় আয়ামের কাছ থেকে ৩০ লাখ রুপি নিয়েছে রিংগিং বেল। কিন্তু এখন পর্যন্ত মাত্র ১৩ লাখ রুপির পণ্য দিয়েছে প্রতিষ্ঠানটি। এখন পর্যন্ত পণ্য ও অর্থ মিলিয়ে রিংগিং বেলের কাছে ১৪ লাখ রুপি পাওয়ার কথা বলেছে আয়াম।
পাওনা অর্থ বারবার চাইলে প্রাণনাশের হুমকি পাওয়ার অভিযোগও করেছে আয়াম এন্টারপ্রাইজেসের মালিক।
গত বছরের ফেব্রুয়ারিতে ওয়েবসাইটের মাধ্যমে ফ্রিডম ২৫১ নামের ‘বিশ্বের সবচেয়ে সস্তা’ স্মার্টফোন বিক্রির ঘোষণা দেয় রিংগিং বেল। শুরুতেই বিতর্কে জড়িয়ে পড়ে প্রতিষ্ঠানটি। অনেকেই একে প্রতারণার স্কিম বলে অভিযোগ করেন। রিংগিং বেলের পক্ষ থেকে দাবি করা হয়, ওয়েবসাইটে সমস্যা থাকা সত্ত্বেও সাত কোটি মানুষ ফোনটি কেনার জন্য নিবন্ধন করেছিল। কিন্তু মাত্র ৩০ হাজার মানুষ ফোনটি কেনার জন্য ফরমাশ দিয়েছিল।