
আন্তর্জাতিক ডেস্কঃ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বে পরমাণু অস্ত্র মজুদে যুক্তরাষ্ট্রের শীর্ষে থাকার আশা প্রকাশ করেছেন। তিনি বার্তা সংস্থাকে দেয়া এক সাক্ষাত্কারে এই আশা প্রকাশ করেন। ক্ষমতায় বসার পর পরমানু অস্ত্র নিয়ে এটিই প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম মন্তব্য। সাক্ষাত্কারে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, যদি কোন দেশের কাছেই পরমানু অস্ত্র না থাকত তবে খুবই ভাল হত। কিন্তু তা যেহেতু হয়নি তাই যুক্তরাষ্ট্রের পরমানু অস্ত্র মজুদের ক্ষমতায় সবার চেয়ে এগিয়ে থাকতে হবে, যুক্তরাষ্ট্রের মিত্র হলেও তাদের চেয়ে শীর্ষে থাকতে হবে ।
তিনি দাবি করেন, পরমানু অস্ত্রের প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্র পিছিয়ে পড়েছে। ইউএস নন পার্টিসান আর্মস কন্ট্রোল অ্যাসোসিয়েশন এর হিসাবে যুক্তরাষ্ট্রের পরমানু অস্ত্রের সংখ্যা ৬ হাজার ৮ শত এবং রাশিয়ার পরমানু অস্ত্রের সংখ্যা ৭ হাজার। পরমানু অস্ত্র বিরোধী গ্রুপগুলো ট্রাম্পের মন্তব্যের নিন্দা করেছেন। পরমানু অস্ত্রবিরোধী একটি গ্রুপ বলেছে ট্রাম্পের মন্ত্যব্য শুনে মনে হচ্ছে পরমানু অস্ত্রের ভয়াবহতা সম্পর্কে তার জ্ঞান খুবই কম। স্নায়ুযুদ্ধের ইতিহাস থেকে আমরা জানতে পারি অস্ত্র প্রতিযোগিতায় চূড়ান্তভাবে কেউ বিজয়ী হতে পারে না ।