
আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন যুক্তরাষ্ট্রকে ছাড়াই জলবায়ু পরিবর্তন বিষয়ে জাতিসংঘের কার্যক্রম চলমান থাকবে বলে আশা প্রকাশ করেছেন জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রধান প্যাট্রিসিয়া এসপিনোসা। ট্রাম্পের কারণে নিজের দুশ্চিন্তার কথা বললেও তিনি মনে করেন জলবায়ু পরিবর্তন রোধে নেয়া কার্যক্রম এখন ‘অপ্রতিরোধ্য’ ।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, প্যারিসে একমত হওয়া জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রর নাম প্রত্যাহার করে নেবেন। শুধু তাই নয়, জাতিসংঘের নবায়নযোগ্য জ্বালানি তৈরির প্রকল্পে যুক্তরাষ্ট্রের অর্থায়ন বন্ধ করবেন। মার্কিন যুক্তরাষ্ট্র ধার্যকৃত হারে বছরে ৪ মিলিয়ন ডলার দেয় নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পে, আরো ২ মিলিয়ন ডলার স্বেচ্ছায় প্রদান করে । তবে এসপিনোসা বলেছেন, প্রয়োজন হলে মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়াই এগিয়ে যাবে। চীনের সদিচ্ছার কথা উল্লেখ করে বলেন, এতে জলবায়ু পরিবর্তন রোধে নেয়া উদ্যোগের নৈতিক নেতৃত্বে মার্কিন যুক্তরাষ্ট্রের জায়গায় চীন স্থলাভিষিক্ত হবে ।