
আন্তর্জাতিক ডেস্কঃ মসুল পুনরুদ্ধারের অভিযান শুরু করেছে ইরাকের সরকারি বাহিনী। জঙ্গি গোষ্ঠী আইএসের সঙ্গে যুদ্ধে পালিয়ে যাচ্ছেন বেসামরিক নাগরিকরা। তবে বিভিন্ন স্থানে রাখা ল্যান্ডমাইনে হতাহতের শিকার হচ্ছেন তারা। গত শুক্রবার রাত থেকে এখন পর্যন্ত অর্ধশতাধিক নাগরিক প্রাণ হারিয়েছেন। মসুলেল ৯ মাইল পশ্চিমে একটি গ্রাম থেকে পালানোর সময় এই ঘটনা ঘটে ।
গতকাল শনিবার মসুলের পশ্চিমাঞ্চলের আরও ভেতরে প্রবেশ করেছে ইরাকি বাহিনী। লড়াইয়ের মাত্রা বেড়ে যাওয়ায় ওই এলাকা থেকে আরও প্রায় এক হাজার বেসামরিক লোক অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছে। মসুল পুনর্দখলের অভিযানে ইরাকি বাহিনী, শিয়া মিলিশিয়া ও উপজাতীয় সুন্নি যোদ্ধাদের সমন্বয়ে গঠিত এক লাখ যোদ্ধা অংশ নিচ্ছে। আর মার্কিন নেতৃত্বাধীন যৌথবাহিনীর যুদ্ধবিমানগুলো হামলা চালানোর পাশাপাশি এ বাহিনীর একটি স্থলবাহিনী ইরাকি বাহিনীর দিকনির্দেশনা ও প্রশিক্ষণের দায়িত্বে রয়েছে ।