
আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেছেন, ইরানের সাথে মার্কিন নতুন প্রশাসনের কোনো সম্পর্ক নেই। আমেরিকার সাথে এ পর্যন্ত যতটুকু যোগাযোগের ঘটনা ঘটেছে তা নিতান্তই পরমাণু সমঝোতার বিষয়ে হয়েছে; অন্য কোনো ইস্যুতে নয়।
গতকাল শনিবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি এসব কথা বলেছেন। তিনি পরিষ্কার করে বলেন, পরমাণু সমাঝোতার আগে আমেরিকার সাথে যতটুকু আলোচনা হয়েছে তা একেবারেই ইরানের পরমাণু কর্মসূচি সম্পর্কে ছিল। পরমাণু সমঝোতা সই হওয়ার পর আমেরিকার সাথে ইরানের রাজনৈতিক যোগাযোগ শেষ হয়ে গেছে।
আমেরিকার নতুন প্রশাসনের সাথে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো রকমের যোগাযোগ আছে কিনা- সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে বাহরাম কাসেমি এসব কথা বলেন। ইরানের পরমাণু ইস্যুতে দীর্ঘ আলোচনার পর ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে সমঝোতা সই হয়। ছয় জাতিগোষ্ঠীর সদস্য হচ্ছে- আমেরিকা, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স, চীন ও জার্মানি।