
নিউজ ডেস্কঃ ভাবমূর্তি ফিরিয়ে আনতে আইনি লড়াইয়ে নামবে কানাডা বিএনপি। বিএনপিকে ‘সন্ত্রাসী সংগঠন’ আখ্যা দিয়ে কানাডার আদালতের দেওয়া রায়ের প্রতিবাদে গত রোববার রাতে টরন্টোয় আয়োজিত বিএনপির কানাডা শাখার এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টরন্টোর ড্যানফোর্থের রেড হট তন্দুরি রেস্তোরাঁয় এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভা পরিচালনা করেন কানাডা বিএনপির নেতা মজিবুর রহমান। তাঁর ভাষ্য, কানাডার আদালতের রায় কোনোভাবেই বিএনপির বিরুদ্ধে নয়। এটি কেবল একজন রাজনৈতিক আশ্রয়প্রার্থীর নিজস্ব বক্তব্য। এ ঘটনায় দেশে-বিদেশে বিএনপির যে ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে, তা ফিরিয়ে আনতে দলের সব নেতা-কর্মীকে এগিয়ে আসতে হবে।
সভায় কানাডা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ কে আজাদ বলেন, বাংলাদেশি আশ্রয়প্রার্থী কানাডায় স্থায়ীভাবে বসবাসের সুবিধার জন্য (পারমানেন্ট রেসিডেন্ট স্ট্যাটাস) বিএনপিকে ঢাল হিসেবে ব্যবহার করেছেন। বিএনপি নেতা রেশাদ চৌধুরী বলেন, বিএনপির পক্ষে তথ্য-উপাত্ত সংগ্রহ করে ভালো আইনজীবীর মাধ্যমে তাঁরা কানাডার অভিবাসনমন্ত্রীর সঙ্গে দেখা করবেন। প্রতিবাদ সভার সভাপতি আহাদ খন্দকার বলেন, সব দ্বিধা-দ্বন্দ্ব ভুলে বিএনপিকে বাঁচাতে হবে। বিএনপির বিরুদ্ধে এভাবে রায় (কানাডার আদালতের রায়) হতে থাকলে অন্য দেশেও একইভাবে রায় আসবে। এতে পশ্চিমা বিশ্বে বিএনপি একটি সন্ত্রাসী দল হিসেবে চিহ্নিত হয়ে যেতে পারে।
আহাদ খন্দকার আরও বলেন, বিএনপি কোনো সন্ত্রাসী দল নয়। বিএনপিকে সন্ত্রাসী দল হিসেবে আখ্যা দেওয়ার বিষয়টি ভিত্তিহীন।কানাডার আদালতের রায় সম্পর্কে আহাদ খন্দকার বলেন, এটি কেবল একজন ব্যক্তিবিশেষের তথ্যের ভিত্তিতে দেওয়া রায়। ওই ব্যক্তি নিজের স্বার্থ হাসিল ও কোনো মহলের স্বার্থ চরিতার্থ করার জন্য বিএনপির বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ এনেছেন। তিনি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। আহাদ খন্দকার বলেন, সারা বিশ্বের জাতীয়তাবাদী শক্তি কানাডার দিকে তাকিয়ে আছে। তাই আমাদেরই আইনি লড়াই করে আবার দলের হারানো সন্মান ফিরিয়ে আনতে কার্যকর ভুমিকা নিতে হবে ।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আনোয়ারুল কবির, মুস্তাফিজুর রহমান, মিজানুর রহমান চৌধুরী, আবুল কালাম আজাদ, মাহবুব চৌধুরী, ইঞ্জিনিয়ার রেজাউর রহমান, মইন চৌধুরী, এম এইচ মামুন, জাকির হোসেন খান, শামসুল মুক্তাদির, মমিনুল হক, মাশরুল হোসেন, রফিক পাটোয়ারি, জহিরুল ইসলাম প্রমুখ।