News71.com
 International
 01 Mar 17, 08:51 PM
 253           
 0
 01 Mar 17, 08:51 PM

আইএস পশ্চিম মসুলে সব দিক দিয়ে অবরুদ্ধ হয়ে পড়েছে ।।

আইএস পশ্চিম মসুলে সব দিক দিয়ে অবরুদ্ধ হয়ে পড়েছে ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) শক্ত ঘাঁটি বলে পরিচিত মসুলের পশ্চিমাঞ্চল থেকে বের হওয়ার শেষ প্রধান সড়কটিও বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র সমর্থিত ইরাকি সেনাবাহিনী। উত্তর-পশ্চিমাঞ্চল থেকে শহরটিতে প্রবেশের নিয়ন্ত্রণ এখন তাদের হাতে।

এর ফলে  ছোট হয়ে আসা শহরটির একটি এলাকার মধ্যে আইএস জঙ্গিরা আটকা পড়ে গেছে। ইরাকি সেনাবাহিনীর এক জেনারেল এবং স্থানীয়রা  আজ বুধবার ওই সড়ক অবরোধের বিষয়টি নিশ্চিত করেন।

মসুল শহরে প্রবেশের উত্তর-পশ্চিমাঞ্চলীয় পথ ‘সিরিয়া গেটের’ এক কিলোমিটারের মধ্যে সেনাবাহিনীর নবম ডিভিশন অবস্থান করছে বলে টেলিফোনে রয়টার্সকে নিশ্চিত করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক ওই জেনারেল। তিনি বলেন, ‘আমরা কার্যকরভাবেই সড়কটি নিয়ন্ত্রণ করছি। এটি আমাদের নজরদারির মধ্যেই রয়েছে।’ এদিকে মসুলের বাসিন্দারা জানিয়েছেন, গতকাল মঙ্গলবার থেকে তারা ‘সিরিয়া গেট’ থেকে শুরু হওয়া প্রধান সড়কটি দিয়ে যাতায়াত করতে পারছেন না। এই মহাসড়কটি মসুলকে ৬০ কিলোমিটার দূরের তাল আফার শহরের সঙ্গে সংযুক্ত করেছে। সিরিয়া সীমান্তে অবস্থিত তাল আফার আইএসের অপর আরেকটি শক্ত ঘাঁটি।

আইএসের দখলে থাকা মসুলে অভিযান শুরু করার ১০০ দিন পরে চলতি বছরের জানুয়ারিতে মসুলের পূর্বাঞ্চল পুনরুদ্ধার করে ইরাকি বাহিনী। এরপর ১৯ ফেব্রুয়ারি তাইগ্রিস নদীর অপর পাড়ে পশ্চিম মসুলে অভিযান শুরু হয়। পশ্চিম মসুলে আইএসকে পরাজিত করতে পারলে ইরাকে জঙ্গিগোষ্ঠীটির দখলদারিত্ব কার্যত নিঃশেষ হয়ে যাবে।  প্রসঙ্গত, ২০১৪ সালে পশ্চিম মসুলের গ্রান্ড মসজিদ থেকেই আইএসের নেতা আবু বকর আল বাগদাদি ইসলামি খিলাফতের ঘোষণা দিয়েছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন