
আন্তর্জাতিক ডেস্কঃ মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত সহকারী পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম টড দুই দিনের সফরে চলতি সপ্তাহে ঢাকা আসছেন। তার সফরকালে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের সাথে বাংলাদেশ সরকারের দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে বিস্তারিত আলোচনা হবে।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর টড হবেন যুক্তরাষ্ট্র সরকারের সর্বোচ্চ পর্যায়ের কোনো কর্মকর্তা, যিনি বাংলাদেশ সফর করবেন। বারাক ওবামা প্রশাসনে রাজনৈতিকভাবে নিযুক্ত মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল পদত্যাগ করার পর টড ভারপ্রাপ্ত হিসেবে এ দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি মার্কিন পররাষ্ট্র দফতরের মূখ্য উপ-সহকারী মন্ত্রীর দায়িত্বে ছিলেন।
টডের সফর প্রস্তুতি সম্পর্কে আলোচনা করতে মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট গতকাল মঙ্গলবার পররাষ্ট্র সচিব শহীদুল হকের সাথে বৈঠক করেছেন। এ সফরে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশী পণ্যের শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকার ও জিএসপি সুবিধা পুনর্বহালের ওপর গুরুত্ব দেবে ঢাকা। আর ওয়াশিংটনের নজর থাকবে সন্ত্রাসদমন বিষয়ক সহযেগিতার ওপর।