
নিউজ ডেস্কঃ বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থসাউথ ইউনিভার্সিটির এক শিক্ষার্থীকে পিটিয়ে গুরুতর আহত করার প্রতিবাদে ঐ ইউনিভার্সিটির শিক্ষার্থীরা রাজধানীর বসুন্ধরা এলাকায় বিক্ষোভ মিছিল বের করলে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে । এ সময় পুলিশ বিক্ষুব্ধ শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ছুড়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় বসুন্ধরা আবাসিক এলাকায় নর্থ সাউথ ইউনিভার্সিটির সামনে এ ঘটনা ঘটে।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানায়, গতকাল বুধবার রাতে বসুন্ধরা আবাসিক এলাকায় ঢোকার সময় নর্থ সাউথ ইউনিভার্সিটির বিবিএ ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী শাহরিয়ার হাসনাত তপুকে নিরাপত্তা প্রহরীরা বেধড়ক মারধর করে। এরপর ঐ শিক্ষার্থীকে আহত অবস্থায় অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। আজ সকালে শিক্ষার্থীরা এ ঘটনার প্রতিবাদ জানাতে ভার্সিটির সামনে একটি মিছিল বের করে। এ সময় পুলিশ ঐ মিছিলে টিয়ারশেল ছুড়েছে বলে জানা যায়। ভাটার থানার ওসি নূরুল মোত্তাকিন জানান, পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।