
আন্তর্জাতিক ডেস্কঃ ভারতীয় সেনাবাহিনীতে ব্রিটিশ আমলের ‘সহায়ক’ প্রথা সামনে আনা জওয়ানের রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে। মৃত জওয়ানের নাম রয় ম্যাথুজ। গতকাল বৃহস্পতিবার সকালে মহারাষ্ট্রের দেওলালি ক্যান্টনমেন্টের একটি পরিত্যক্ত সেনা ব্যারাকে তার ঝুলন্ত লাশ উদ্ধার হয়। লাশটিতে পচন ধরায় মনে করা হচ্ছে, অন্তত ৩ দিন আগে মৃত্যু হয়েছে তার । ৩৩ বছরের ম্যাথুজ প্রায় ১৩ বছর সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। তিনি ছিলেন গানার। গত মাসে একটি ওয়েবসাইটে প্রকাশিত স্টিং ভিডিওতে দেখা যায়, ম্যাথুজসহ বেশ কয়েকজন সেনা কর্মী ঊর্ধ্বতন অফিসারদের বাড়িতে ফাইফরমাস খাটছেন। তাদের পোষা কুকুর চরাতে নিয়ে যাচ্ছেন, স্কুলে পৌঁছে দিচ্ছেন ছেলেমেয়েদের। ব্রিটিশ আমলের এই প্রথাকে বলা হয় সহায়ক, এর মাধ্যমে নিম্ন পদমর্যাদার সেনা কর্মীরা অফিসারদের বাড়ির কাজকর্ম করেন। ওই ভিডিও প্রকাশের পর প্রশ্ন ওঠে, পুরনো এই প্রথার প্রয়োজনীয়তা নিয়ে ।
ভিডিওটি প্রকাশের পর ম্যাথুজের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। তবে গত মাসের ২৫ তারিখ থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না তাকে। তারপর গতকাল উদ্ধার হয় তার লাশ। দেওলালি এলাকার আর্টিলারি সেন্টারের এক কর্নেল পদমর্যাদার অফিসারের অধীনে সহায়ক ছিলেন ম্যাথুজ। ভিডিও প্রকাশের পর তার ওপর কোনো ধরনের নির্যাতন চলে কিনা জানতে তদন্ত শুরু হয়েছে। তবে জানা গেছে, ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর বেশ কয়েকজন অফিসার ম্যাথুজকে জিজ্ঞাসাবাদ করেন। শোনা যাচ্ছে, ২৫ তারিখ ইউনিট ছেড়ে পালান তিনি। তখন থেকেই নিখোঁজ ছিলেন। তার ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করা হয় বলে খবর। তবে সেনা বলছে, ২৪ তারিখ ওই ভিডিও প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যে নিখোঁজ হয়ে যান ম্যাথুজ। অফিস থেকে ছুটিও নেননি তিনি ।