
নিউজ ডেস্ক : আবু বকর সিদ্দিকী (৪৫) নামে এক বাংলাদেশিকে পিটিয়ে হত্যার দায়ে মালয়েশিয়ার অভিবাসন পুলিশের দুই কর্মকর্তাকে মৃত্যুদন্ড দিয়েছে দেশটির উচ্চ আদালত। এই ঘটনায় বিচারের মুখোমুখি হন দুই মালয়েশিয় পুলিশ। দেশটির গণমাধ্যম মালয় মেইল অনলাইন এই খবর প্রকাশ করেছে। মৃত্যুদন্ড প্রাপ্ত দুই কর্মকর্তা হলেন আমিনুদ্দিন মোহাম্মদ ইয়াসিন এবং জুহাইরুল ইফেন্দি জুলকাফলি। হাইকোর্টের বিচারক ইবু বকর কাতার এই রায় দিয়েছেন। মালয়েশিয়ায় ইচ্ছাকৃত হত্যার জন্য মৃত্যুদন্ডের বিধান আছে।
মামলার রায়ে বিচারক বলেন, দুই আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে রাষ্ট্রপক্ষ। ২০১৫ সালের ১ অক্টোবর মালয়েশিয়ার কানগার প্রদেশের হাইকোর্ট আমিনুদ্দিন এবং জুহাইরুলকে খালাস দিয়েছিল। এরপর এই রায়ের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। মামলার নথিপত্র অনুযায়ী ২০১৪ সালের অক্টোবরের শেষ দিকে নিরাপত্তা হেফাজতে থাকা বাংলাদেশি আবু বকর গ্যাস্ট্রিকে আক্রান্ত ছিলেন এবং তিনি তাকে ওষুধ দিতে অনুরোধ করেন।
এরপর তাকে হাজত থেকে বের করেন দুই অভিবাসন পুলিশ কর্মকর্তা। এ সময় তাদের হাতে লাঠি ছিল। হাজতে ফিরিয়ে আনার পর আবু বকর সেখানে থাকা অন্য বন্দীদেরকে জানান, তাকে দুই পুলিশ কর্মকর্তা নির্মমভাবে পিটিয়েছেন। লাঠির আঘাতে তার শরীরে থাকা কালশিটে দাগও বন্দীদেরকে দেখান বকর। পুরো ঘটনাটি ক্লোজ সার্কিট ক্যামেরায় ধারণ করা ছিল। আবু বকরের অবস্থার অবনতি হলে আবু বকরকে পরে স্থানীয় হাসপাতালে পাঠানো হয় এবং তিনি ২০১৪ সালের ৪ নভেম্বর মারা যান। ময়নাতদন্ত প্রতিবেদনে দেখা যায়, এই বাংলাদেশি তার মাংসপেশীতে আঘাতের কারণে সফট টিস্যু ইনজুরির কারণে মারা গেছেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী বদিউস জামান আহমেদ এই মামলায় রাষ্ট্রপক্ষে আদালতে বক্তব্য রাখেন। আর দুই আসামির পক্ষে ছিলেন তাদের আইনজীবী রহমতউল্লাহ বাহারুদ্দিন।