
আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের বিরুদ্ধে সরকারি কাজে ব্যক্তিগত ই-মেইল অ্যাকাউন্ট ব্যবহারের অভিযোগ উঠেছে। ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের গভর্নরের দায়িত্ব পালনের সময় তিনি ব্যক্তিগত ই-মেইল ব্যবহার করেছেন। গত বছরের নভেম্বরে নির্বাচনের আগে ডেমোক্রেট দলীয় প্রার্থী হিলারি ক্লিনটনের ই-মেইল কেলেঙ্কারি নিয়ে সমালোচনা করেছিলেন পেন্স। এবার নিজেই সেই কেলেঙ্কারিতে জড়িয়ে পড়লেন।
দেশটির একটি সংবাদপত্র এই তথ্য প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, সংগৃহীত ই-মেইলে দেখা গেছে, মাইক পেন্স কখনো কখনো ‘স্পর্শকাতর বিষয়’ ও ‘হোমল্যান্ড সিকিউরিটি বিষয়’ নিয়ে আলোচনার জন্য ব্যক্তিগত ই-মেইল অ্যাকাউন্ট ব্যবহার করেছেন। জানা গেছে, গত বছরের মাঝের দিকে মাইক পেন্সের ই-মেইল অ্যাকাউন্ট হ্যাকিংয়ের শিকার হয়। এর আগে নির্বাচনী প্রচারণার সময় মাইক পেন্স ব্যক্তিগত ই-মেইল অ্যাকাউন্ট ব্যবহারের অভিযোগ এনে বিরোধী দলীয় প্রার্থী হিলারি ক্লিনটনের কড়া সমালোচনা করেছিলেন। ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের আইনে সরকারি কর্মচারীদের ব্যক্তিগত ই-মেইল ব্যবহার নিষিদ্ধ নয়। তবে এগুলো সরকারি তথ্য হিসেবে সংরক্ষণের নিয়ম রয়েছে।