
আন্তজার্তিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের কানসাস অঙ্গরাজ্যের এক পানশালায় গত সপ্তাহে এক ভারতীয় প্রকৌশলীকে গুলি করে হত্যা করে এক মার্কিন নাগরিক। এই ঘটনার সপ্তাহ পার না হতেই এবার সাউথ ক্যারোলিনাতে ভারতীয় বংশোদ্ভূত এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করা হয়েছে। খবর খালিজ টাইমসের। স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ১১ টা ২৪ মিনিটে তার দোকান বন্ধ করে বাসায় যাচ্ছিলেন হার্নিশ প্যাটেল। ঠিক ১০ মিনিট পর ল্যাঙ্কস্টারে তার বাসার সামনেই গুলি করে হত্যা করা হয় তাকে। এ সময় তার স্ত্রী ও সন্তান বাসায় ছিল।
এক নারী ফোনে পুলিশকে জানান, তিনি গুলি ও চিৎকারের শব্দ শুনেছেন। শেরিফের ডেপুটিরা ঘটনাস্থলে এসে প্যাটেলের লাশ পান। নিজ বাসা থেকে মাত্র কয়েক ফুট দূরে তার লাশ পড়েছিল। ঘটনাস্থলে দুটি গুলির খোসা পেয়েছে পুলিশ। স্থানীয় ল্যাঙ্কাস্টারের কর্মকর্তারা জানান, প্যাটেলের হত্যাকান্ডকে ‘ঘৃণাজনিত’ অপরাধ বলে মনে করছেন না। হত্যাকান্ডের তদন্ত চলছে। গতকাল শুক্রবার কাউন্টি শেরিফ ব্যারি ফাইলি বলেন, ‘আমার মনে হচ্ছে না, এই হামলা জাতিগত বিদ্বেষের কারণে হয়েছে।
গত বুধবার কানসাসের একটি পানশালায় প্রকৌশলী শ্রীনিবাস কুচিভোতলাকে গুলি করে হত্যার ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিন্দা জানানোর দুই দিন পর এই ঘটনা ঘটলো। স্থানীয় একটি টেলিভিশনের চ্যানেলের খবরে বলা হয়েছে, প্যাটেলের হত্যাকান্ডে ল্যাঙ্কাস্টারজুড়ে ক্ষোভ বিরাজ করছে। তিনি সমাজের একজন গুরুত্বপূর্ণ এবং দয়ালু ব্যক্তি ছিলেন। নিজ দোকানের ক্রেতাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ব্যবহার করতেন তিনি।