
আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের দুর্গাপুরে খাবার চাওয়ার 'অপরাধে' মানসিক ভারসাম্যহীন আলিমুদ্দিন শেখ (৩৫) নামের এক যুবকের গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়ার অভিযোগ উঠেছে এক হোটেল মালিকের বিরুদ্ধে।তার বাড়ি মুর্শিদাবাদের সাগরদিঘির ফুলবাড়ি গ্রামে। গত শুক্রবার রাতে দুর্গাপুর স্টেশনের কাছে এ ঘটনাটি ঘটে ।
গত শুক্রবার রাতে ওই যুবকের চিৎকার শুনে আগুন নেভান কিছু অটোচালক। হোটেল মালিক সুভাষ অধিকারী তখন চিকিৎসা করানোর নাম করে যুবকটিকে নিয়ে চলে যান। কিন্তু গতকাল শনিবার সকালে আহত অবস্থাতেই ওই যুবককে সেখানে ঘোরাফেরা করতে দেখে অটোচালকেরা পুলিশে খবর দেন। পুলিশ তাঁকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করেন। পুলিশ জানায়, স্টেশনের কাছেই ঘোরাঘুরি করায় ক’দিনেই চেনা মুখ হয়ে উঠেছে সে। শুক্রবার রাত ১টা নাগাদ সুভাষ তার মোটরবাইক থেকে পেট্রোল বের করে আলিমুদ্দিনের গায়ে ঢেলে দিয়ে আগুন ধরিয়ে দেয়। এ সময় চিৎকার করতে করতে অটোস্ট্যান্ডের দিকে দৌড়ে আসেন আলিমুদ্দিন। এই ঘটনায় হোটেল মালিক সুভাষ অধিকারীকে গ্রেফতার করেছে কোকওভেন থানার পুলিশ ।