
আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের ৫০ টি অঙ্গরাজ্য জুড়ে নিজ দেশের অভিবাসী নাগরিকদের জন্য আইনি সহায়তা কেন্দ্র খুলেছে মেক্সিকো। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবৈধ অভিবাসী বিতাড়নের প্রতিক্রিয়া স্বরূপ গতকাল শনিবার (৪ মার্চ) মেক্সিকো সরকার এ পদক্ষেপ গ্রহণ করেছে। মেক্সিকোর নাগরিকদের বৈধ অধিকার খর্ব না করার জন্য দেশটির পররাষ্ট্রমন্ত্রী লুইস ভিদেগারে মার্কিন প্রশাসনের প্রতি আহবান জানিয়েছেন। পাশপাশি যেসব অভিবাসীদের কাছে কোন বৈধ কাগজপত্র নেই তাদের জন্য সুযোগ তৈরি করার পরামর্শ দিয়েছেন তিনি।
নিউইয়র্কের মেক্সিকো কনস্যুলেটের একটি ভিডিও ইভেন্টে লুইস ভিদেগারে বলেন, আমরা অবৈধ অভিবাসীদের উৎসাহিত করছি না। আমরা আইনের সহায়তা চাইছি যার মাধ্যমে মানবাধিকার প্রতিষ্ঠিত হবে।" উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের প্রথম মাসেই অবৈধ অভিবাসী বিতাড়ন এবং যুক্তরাষ্ট্র- মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মানের ঘোষণা দেন। যুক্তরাষ্ট্রে প্রায় ৬০ লাখ মেক্সিকোর নাগরিক বসবাস করে। নতুন অভিবাসন নীতির কারণে এসব অভিবাসীরা বিপদের সম্মুখীন হচ্ছে।