
আন্তজার্তিক ডেস্ক : বিদেশী সাহায্যের বাজেটে লাগাম টেনে ধরার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। শনিবার হোয়াইট হাউসের বাজেটবিষয়ক পরিচালক মিক মালভ্যানি এ খবরের সত্যতা নিশ্চিত করেছে বলে রয়টার্স জানিয়েছে।প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক উন্নয়ন খাতে যুক্তরাষ্ট্রের বিদেশী সাহায্যের হার এক-তৃতীয়াংশ কমিয়ে আনার পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন। মিক মালভ্যানি বলেন, ‘আমরা বৈদেশিক সাহায্যের হার কমিয়ে দেয়ার প্রস্তাব করতে যাচ্ছি, যা ব্যয় করা হবে যুক্তরাষ্ট্রেই।’ আগামী ১৬ মার্চ প্রস্তাবিত বাজেট প্রকাশ করবে ট্রাম্প প্রশাসন। সেনা বাজেট সম্প্রসারণে বৈদেশিক সাহায্যের অর্থ জোগান দেয়া হবে বলেও জানান তিনি।
সাউথ ক্যারোলিনার সাবেক প্রতিনিধি মালভ্যানি পুরো বিষয়টিকে ব্যাখ্যা করে বলেন, ‘আমার বার্তা পরিষ্কার, বিদেশে কম অর্থ খরচের মানে হল এ অর্থ ব্যয় হবে এখানেই।’ রিপাবলিকান শিবির থেকে এরই মধ্যে বৈদেশিক সাহায্যের বাজেট সংকোচন নীতিতে উদ্বেগ প্রকাশ করেছেন কয়েকজন প্রতিনিধি। ফরেন অ্যাফেয়ার কমিটির প্রতিনিধি এড রয়েস এ বিষয়ে বলেন, এ ধরনের সংকোচনের ফলে সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের কার্যক্রম গতিহীন হয়ে যেতে পারে।’
সপ্তাহের শুরুতে এক টুইটে বৈদেশিক সাহায্য নিয়ে এক টুইটে সিনেটর মার্কো রুবিও বলেন, ‘বৈদেশিক সাহয্য কোনো খয়রাত নয়। অর্থ সঠিকভাবে খরচ করা হচ্ছে কিনা, সেটা নিশ্চিত করতে হবে।’ এদিকে সাত মুসলিম-প্রধান দেশের নাগরিকদের ওপর স্থগিত হয়ে যাওয়া নিষেধাজ্ঞা সংশোধন করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন নিষেধাজ্ঞা দিতে যাচ্ছেন। স্থানীয় সময় সোমবার এ সংক্রান্ত নির্বাহী আদেশে স্বাক্ষর করবেন তিনি। জ্যেষ্ঠ কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর দিয়েছে পলিটিকো।
২৭ জানুয়ারি এক নির্বাহী আদেশে সাত মুসলিম-প্রধান দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র সফরে নিষেধাজ্ঞা আরোপ করেন ডোনাল্ড ট্রাম্প। পরে সিয়াটলের একজন বিচারক ট্রাম্পের ওই নিষেধাজ্ঞা স্থগিতের আদেশ দেন। ট্রাম্প প্রশাসন ওই আদেশের বিরুদ্ধে আপিল করলেও সান-ফ্রান্সিসকোভিত্তিক তিন বিচারকের প্যানেল তা খারিজ করেন। শনিবার হোয়াইট হাউসের প্রধান নীতিনির্ধারক স্টিভ ব্যানন বিচার বিভাগীয় একটি দলের সঙ্গে ফ্লোরিডার মার-এ-লাগোতে বৈঠক করেছেন। সূত্রের বরাত দিয়ে পলিটিকো জানিয়েছে, তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা ও প্রেসিডেন্টের সঙ্গেও এ বিষয়ে বৈঠক করবেন।
তবে নতুন নিষেধাজ্ঞায় কতটা পরিবর্তন আসবে, তা এখনও নিশ্চিত নয়। নতুন নিষেধাজ্ঞা কেমন হবে, তা পরিষ্কারভাবে না বললেও ১০ ফেব্রুয়ারি ট্রাম্প জানান, আগের নিষেধাজ্ঞা ‘খুব সামান্যই পরিবর্তিত হবে’। এক সূত্রের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, নিষেধাজ্ঞার নতুন তালিকায় ইরাককে বাদ দেয়া হচ্ছে। ১৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার হোয়াইট হাউসে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ট্রাম্প জানিয়েছিলেন, নতুন করে জারি করতে যাওয়া নির্বাহী আদেশটিতে আগের নির্বাহী আদেশের ব্যাপারে আদালতের তোলা প্রশ্নগুলোর মীমাংসা করা হবে।
নতুন নিষেধাজ্ঞার কথা কয়েক সপ্তাহ ধরেই শোনা যাচ্ছিল। তবে বুধবার কংগ্রেসে দেয়া ভাষণের পর ওই আলোচনায় কিছুটা ভাটা পড়ে। শনিবার সকাল থেকে ট্রাম্পের কয়েক দফা আক্রমণাত্মক টুইট বার্তার পর নতুন নিষেধাজ্ঞার বিষয়টি আবার সামনে আসে। ওই টুইট বার্তায় ট্রাম্প তার ফোনে আড়িপাতার জন্য ওবামাকে দোষারোপ করেন।