News71.com
 International
 06 Mar 17, 12:50 PM
 263           
 0
 06 Mar 17, 12:50 PM

আন্তজার্তিক বাজারে স্বর্ণের দামের উর্ধ্বগতি.....

আন্তজার্তিক বাজারে স্বর্ণের দামের উর্ধ্বগতি.....

আন্তজার্তিক ডেস্ক : আন্তজার্তিক বাজারে স্বর্ণের দামের উর্দ্ধগতি থামছেই না। আড়াই মাসে দাম বেড়েছে ১০ শতাংশ। বিশ্লেষকরা বলছেন, সুনির্দিষ্ট কয়েকটি কারণে স্বর্ণের বাজারের এ ঊর্ধ্বগতি। এর মধ্যে রয়েছে মুদ্রাবাজারে মার্কিন ডলারের দরপতন, শেয়ারবাজারে অস্থিরতা এবং চীনের বিনিয়োগ নিয়ে শঙ্কা। এসব কারণে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণে ঝুঁকছেন বিনিয়োগকারীরা। তাদের মতে, আগামীতে দাম আরও বাড়তে পারে।

এদিকে বিশ্ববাজারের এ ঊর্ধ্বগতি প্রভাব পড়েছে দেশীয় বাজারেও। দুই মাসের ব্যবধানে তিনবার বেড়েছে স্বর্ণের দাম। আর বর্তমানে প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণ ৪৭ হাজার ৬৪ টাকায় বিক্রি হচ্ছে। বিশ্বের স্বর্ণ শিল্পের প্রতিনিধিত্বকারী সংগঠন ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের (ডব্লিউজিসি) বিশ্লেষকরা বলছেন, বিপুল চাহিদার তুলনায় উৎপাদন না বাড়ায় কয়েক মাসের মধ্যেই বিশ্ববাজারে স্বর্ণের দাম ফের বাড়বে।

সংগঠনটির বিনিয়োগ বিভাগের প্রধান মার্কাস গ্রাব বলেন, ডলারের দাম কমায় নেতিবাচক প্রভাব পড়ছে স্বর্ণের বাজারে। তার মতে, ডলারের দাম না বাড়লে স্বর্ণের দাম কমবে না। তিনি বলেন, এশিয়ায় স্বর্ণের চাহিদা খুব জোরাল। কেন্দ্রীয় ব্যাংকগুলোর মতো নানা মহলে এর দীর্ঘমেয়াদি চাহিদা দ্রুত বাড়ছে। কিন্তু বিপরীতে খনিতে স্বর্ণ উৎপাদন একই রকম। ফলে মধ্য মেয়াদে স্বর্ণের দাম বাড়বে।

জানা গেছে, বিশ্বে স্বর্ণের বাজার হিসেবে বিখ্যাত দুবাই। গত বছরের ১৫ ডিসেম্বর দেশটির বাজারে ২২ ক্যারটের প্রতি গ্রাম স্বর্ণের দাম ছিল ৩৪ দশমিক ৭৯ মার্কিন ডলার।এ হিসাবে প্রতি ভরির দাম ৩২ হাজার ৪৬৩ টাকা (প্রতি ডলার ৮০ টাকা হিসাবে)। কিন্তু বৃহস্পতিবার পর্যন্ত তা বেড়ে ৩৮ দশমিক ৬৬ ডলারে উন্নীত হয়েছে। এ হিসাবে আড়াই মাসে দাম বেড়েছে প্রায় ১০ শতাংশ।

আন্তর্জাতিক বাজার বিশেষজ্ঞদের মতে, বিভিন্ন পণ্যের সঙ্গে স্বর্ণের হাইটেনোলজির ব্যবহার বেড়েছে। কয়েক বছরে ডলার, পাউন্ড, ইউরোর পরিবর্তে স্বর্ণের রিজার্ভ বাড়াতে তৎপর হয়েছে বিভিন্ন দেশ। ভিয়েতনাম ও বাংলাদেশের মতো দেশও এখন স্বর্ণ রিজার্ভ করছে। আইসিটি টেকনোলজিতে এখন বিপুল পরিমাণ স্বর্ণ ব্যবহৃত হচ্ছে।

মোবাইল এবং টেলিকমিউনিকেশন্স প্রযুক্তিতে ধাতু হিসেবে স্বর্ণের ব্যবহার বেড়ে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বাড়ছে। এদিকে নিন্মমুখী অবস্থানে বিশ্বের শীর্ষস্থানীয় শেয়ারবাজার। গত এক মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের এসঅ্যান্ডপি কম্পোজিট সূচক প্রায় ৩ শতাংশ কমে ২ হাজার ৩৮১ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ইউরোপের ডাও জোন্স সূচক ৪ শতাংশ কমে ২১ হাজার পয়েন্টে নেমে এসেছে।

জাপানের নিক্কেই সূচক প্রায় ৩ শতাংশ কমে ১৯ হাজার ৪শ’ পয়েন্টে নেমে এসেছে। একইভাবে কমেছে ভারতের প্রধান শেয়ারবাজার বোম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স। এদিকে বিশ্ববাজারের সঙ্গে দেশীয় বাজারেও বাড়ছে স্বর্ণের দাম। ২০১৩ সালের প্রায় পুরোটা সময় স্বর্ণের দাম ছিল নিন্মমুখী। গত বছর স্বর্ণের মানভেদে গড়ে দাম কমে ২৮ শতাংশ।

এবার দেড় মাসের মাথায় তা ১০ শতাংশ বেড়েছে। একই সময়ে রুপার দাম বেড়েছে ১২ শতাংশ। বর্তমানে ২২ ক্যারটের প্রতি ভরি স্বর্ণের দাম পর পর তিন দফা বেড়ে ৪৭ হাজার ৬৪ টাকায় বিক্রি হচ্ছে। ২১ ক্যারেটের প্রতি ভরি ৪৪ হাজার ৯৬৪, ১৮ ক্যারেট ৩৯ হাজার ৪৮২ এবং সনাতনী স্বর্ণ ২৫ হাজার ৬৬০ টাকায় বিক্রি হচ্ছে।

জানতে চাইলে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক অর্থ উপদেষ্টা ড. এবি মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, বিশ্বব্যাপী রিজার্ভের অন্যতম উপাদান হল স্বর্ণ। এটি নিরাপদ বিনিয়োগ। ফলে অন্যান্য পণ্যে কমলেও স্বর্ণে বিনিয়োগ বাড়ে। তবে দেশীয় বাজারে স্বর্ণের নীতিমালা জরুরি বলে মনে করছেন এই অর্থনীতিবিদ।

ব্যবসায়ীরা বলছেন, আফ্রিকাসহ রফতানিকারক দেশগুলো রফতানি কমিয়ে দিয়েছে। বিপরীতে চীনের মতো জনবহুল দেশগুলো স্বর্ণ কিনে মজুদ করছে। সরবরাহের তুলনায় চাহিদা বেড়ে যাওয়ায় দাম বাড়ছে।

ফলে বর্তমানে দেশে স্বর্ণের বাজারে ৭০ ভাগ ক্রেতা কমেছে। জুয়েলারি সমিতির সাবেক সভাপতি এমএ ওয়াদুদ খান বলেন, ইরাক যুদ্ধের পর থেকে বিশ্ববাজারে স্বর্ণের দামে অস্থিরতা তৈরি হয়েছে। এ সময়ে উন্নত দেশগুলো ডলার, ইউরোর পরিবর্তে স্বর্ণ কিনে মজুদ শুরু করে। তিনি বলেন, সবচেয়ে বেশি স্বর্ণ রফতানি করে সাউথ আফ্রিকা। এরপরই রয়েছে অস্ট্রেলিয়া, ব্রাজিল ও রাশিয়া। কিন্তু বর্তমানে তারা জোগান দিতে পারছে না। কারণ চীনের মতো দেশগুলো স্বর্ণ মজুদ করছে।

তার মতে, বর্তমানে দেশে নিত্যপণ্যের দাম যেভাবে বাড়ছে, তাতে মানুষ তাদের চাহিদা পূরণ করে স্বর্ণের মতো বিলাসী পণ্য কিনতে পারছে না। ফলে স্বর্ণের বাজারে ক্রেতা কমেছে। তিনি আরও বলেন, ঢাকা শহরেই শতাধিক দোকান বন্ধ হয়ে গেছে। বর্তমানে অধিকাংশ দোকানে কোনো বিক্রি নেই।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন