
আন্তর্জাতিক ডেস্কঃ ভারতীয় পুলিশ আজ বুধবার ইসলামিক স্টেট জঙ্গিগোষ্ঠির ১ সন্দেহভাজন সমর্থককে গুলি করে হত্যা করেছে। পুলিশ জানায়, একটি ট্রেনে হামলার ঘটনায় সে জড়িত ছিল। ট্রেনে তার ওই হামলায় ১০ জন আহত হয়। তারা জানায়, ভারতের উত্তর প্রদেশ রাজ্যের যে বাড়িটিতে এ সন্দেহভাজন জঙ্গি অবস্থান করছিল পুলিশ সেটি ঘিরে ফেলে অভিযান শুরু করলে সে পুলিশের গুলিতে নিহত হয়। তার নিহত হওয়ার মধ্যদিয়ে সেখানের প্রায় ১২ ঘণ্টার উত্তেজনাপূর্ণ পরিস্থিতির অবসান ঘটে। এ সন্দেহভাজনের নাম সাইফুল্লাহ বলে জানা যায়।
ইসলামিক স্টেট গ্রুপের নাম উল্লেখ করে ভারতের সন্ত্রাসবাদ দমন স্কোয়াডের অসীম অরুণ সাংবাদিকদের বলেন, ‘আমাদের কাছে খবর ছিল, এখানে আইএস সংশ্লিষ্ট একটি জঙ্গি গ্রুপ গঠন করা হচ্ছে এবং এর সাথে যুক্ত ১ সন্দেহভাজন সেখানে আত্মগোপন করে থাকতে পারে।তিনি বলেন, ‘আমরা তার ঘরে প্রবেশ করার সময় সে আমাদের লক্ষ্য করে গুলি করতে থাকে। পরে আমরাও পাল্টা গুলি চালালে সে নিহত হয়।’ গতকাল মঙ্গলবার ১ টি ট্রেনে বিস্ফোরণের ঘটনায় অপর ৬ সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। ট্রেনে বিস্ফোরণে কমপক্ষে ১০ জন আহত হয়।