
আন্তর্জাতিক ডেস্ক : বসন্ত পড়লেও ইতিমধ্যেই উষ্ণতার পারদ চড়তে শুরু করেছে। দিনের বেলায় বাইরে বেরনো মানে তাপের জন্য অসুস্থ হয়ে পড়ার আশঙ্কা। এসি গাড়ির কথা আমরা জানি। কিন্তু, তা বলে এসি জ্যাকেট। এমনটা শোনা যায়নি কখনও। তবে, এবার এই ভাবনা বাস্তব হয়ে গিয়েছে। খুব শিগগিরি বাজারে আসতে চলেছে এসি জ্যাকেট। কোনও বেসরকারি সংস্থা নয়, এই এসি জ্যাকেট বাজারে নিয়ে আসতে চলেছে সরকারের 'মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস মন্ত্রক'। খাদি-র তৈরি জ্যাকেটে এই এসি-র বন্দোবস্ত করা হয়েছে।
কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংহ, মঙ্গলবার বিহারে তাঁর লোকসভা আসন খানওয়া-র নাওয়াদায় এই খাদি এসি জ্যাকেট প্রকাশ্যে নিয়ে আসেন। জ্যাকেটে রাখা রয়েছে 'সেল্ফ কুলিং মেশিন'। এতে রাখা হয়েছে গরম হাওয়া ও ঠান্ডা হাওয়ার দুটি ফ্যান। জ্যাকেটের গায়ে আছে দুটি বোতাম। যার মধ্যে একটি লাল রঙের অপরটি সবুজ রঙের। লাল বোতাম টিপলে জ্যাকেটের মধ্যে গরম হাওয়ার ফ্যান চালু হয়ে যাবে। সবুজ রঙের বোতাম ঠান্ডা হাওয়ার ফ্যানকে চালু করবে। এই দুটি ফ্যানই চলবে জ্যাকেটে থাকা ব্যাটারি দিয়ে।
খুব শিগগিরি এই জ্যাকেট বাজারে আসবে বলে জানিয়েছেন গিরিরাজ। হাফ হাতা এসি জ্যাকেটের দাম পড়বে ১৮,০০০ টাকা। ফুল-হাতা এসি জ্যাকেটের দাম পড়বে ২২,০০০ টাকা।