
আন্তর্জাতিক ডেস্কঃ ইরাক ও সিরিয়ায় আইএসের বিরুদ্ধে লড়াইয়ে আরো ১ হাজার বিশেষ প্রশিক্ষিত সেনা প্রেরণের চিন্তা করছে মার্কিন সরকার। কুয়েতে মার্কিন সেনাঘাঁটিতে এই সেনাদের রিজার্ভ ফোর্স হিসেবে রাখা হবে বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কর্তারা।
পূর্বে এই ব্যাপারে কোন ঘোষণা দেয়া হয়নি উল্লেখ করে কর্তারা আরো জানান, আইএস’র সঙ্গে যুদ্ধে প্রত্যাশিত সাফল্য লাভের আশায় ও সামনে উদ্ভাবিত যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় এসকল কমান্ডারদের প্রেরণ করা হচ্ছে। যাদের শুধুমাত্র প্রয়োজনীয় মুহূর্তেই ব্যবহার করা হবে। কুয়েতে মার্কিন সেনা রিজার্ভে নতুন করে সেনা প্রেরণের এ বার্তা দেশটির সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা প্রশাসনের নীতির উল্টো পথে হাটাকে ইঙ্গিত দিচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন সেনা এ বিষয়ে বলেন, ‘এটিকে ইরাক ও সিরিয়ায় আইএসের সঙ্গে যুদ্ধের নতুন প্রস্তুতি কৌশল হিসেবে দেখা হচ্ছে। অবশ্যই নতুন এ সেনাদের কর্মকাণ্ড পূর্বে নিয়োজিত সেনাদের চেয়ে ভিন্ন হবে।’
তবে এই প্রস্তাবে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সচিব জিম ম্যাটিসের বক্তব্য পাওয়া যায়নি। তাছাড়া মধ্যপ্রাচ্যের ভয়াবহ যুদ্ধক্ষেত্রে নতুন করে সেনা প্রেরণের উদ্দেশ্য কি তাও জানা সম্ভব হয়নি।