
আন্তর্জাতিক ডেস্কঃ কিম জং-নাম হত্যাকাণ্ডের জন্য উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নাজিব রাজাক। আজ বৃহস্পতিবার তিনি তাঁর ব্লগে এক বিবৃতিতে এসব কথা বলেন বলে খবরে বলা হয়। যদিও এর আগে নাজিব রাজাক এ হত্যাকাণ্ডের জন্য উত্তর কোরিয়াকে সরাসরি দায়ী করেছেন।
জং-নামের হত্যাকাণ্ড নিয়ে ২ দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। উত্তর কোরিয়া তাদের দেশে থাকা মালয়েশীয় নাগরিকদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করেছে। একই রকমের পাল্টা নিষেধাজ্ঞা দিয়েছে মালয়েশিয়াও। নাজিব রাজাক বলেন, ‘মালয়েশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হবে না। এ সমস্যার সমাধান খুঁজতে ওদের সঙ্গে আমাদের যোগাযোগ অব্যাহত রাখা প্রয়োজন।’
প্রধানমন্ত্রী আরও বলেন, উত্তর কোরিয়ার প্রতি মালয়েশিয়ার যে দৃঢ় অবস্থান সেখানে নরম হওয়ার সুযোগ নেই। উত্তর কোরিয়ায় থাকা মালয়েশিয়ার সব নাগরিক নিরাপদে আছেন। জাতিসংঘে কাজ করে এমন ২ জন মালয়েশীয় নাগরিক আজ সকালে উত্তর কোরিয়া ছেড়ে বেইজিংয়ে ফিরেছেন। তবে পিয়ংইয়ংয়ে মালয়েশিয়া দূতাবাসে আটকা পড়েছেন ৯ জন।
নাজিব রাজাক টুইটারে লিখেছেন, উত্তর কোরিয়া সরকার সেখানে থাকা মালয়েশীয় নাগরিকদের নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছে। তাঁরা সেখানে স্বাধীনভাবে তাঁদের কাজ করতে পারছেন। তবে দেশ ছাড়তে পারবেন না।
দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপের পর মালয়েশিয়ার বোর্নিও প্রদেশ থেকে উত্তর কোরিয়ার ৩৭ নাগরিককে আটক করা হয়েছে। ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তাঁদের আটক করা হয় বলে জানিয়েছে মালয়েশীয় কর্তৃপক্ষ।